মাটির স্বাস্থ্য সুরক্ষায় ‘সবুজ সার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের পর দিন রাসায়নিক সারের ব্যবহার জমির জীবনীশক্তি নষ্ট করে দেয়। বিশ্বজুড়ে জৈব সার ব্যবহারের দাবি তাই জোরদার হচ্ছে। কক্সবাজারের রামু উপজেলার বহু কৃষক জমিতে রাসায়নিক সারের বদলে ‘সবুজ সার’ ব্যবহার করছেন। বছরের যে সময়টায় জমি অনাবাদি বা খালি পড়ে থাকে, সে সময় তাঁরা ধঞ্চের চাষ করেন। ধঞ্চেগাছ বড় হলে তা কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সেই গাছ ও পাতা পচে প্রাকৃতিকভাবেই তৈরি হয় সার, যার নাম দেওয়া হয়েছে ‘সবুজ সার’।জমিতে সুবজ সার থাকলে ইউরিয়া ব্যবহার না করলেও চলে। আর তা অন্য সারের প্রয়োজন প্রায় অর্ধেক কমিয়ে আনে। রামুর কৃষকদের অভিজ্ঞতা অন্তত তা-ই বলে। কৃষি কর্মকর্তাদের মতে, সবুজ সার ৮০ থেকে ৯০ শতাংশ ইউরিয়ার ঘাটতি পূরণ করে। ব্যাপকহারে ধঞ্চের চাষ হলে দেশে সারের ঘাটতি অনেকাংশে কমে যেত। শুধু সারই নয়, ধঞ্চেগাছ জ্বালানি হিসেবেও চমৎকার। উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন পাড়ার কৃষক মো. ইসলাম (৫০) কৃষি কার্যালয়ের পরামর্শে ২০০৮ সালে দুই কানি (৪০ শতাংশে এক কানি) জমিতে ধঞ্চের চাষ শুরু করেন। এ বছর করেছেন পাঁচ কানিতে। তিনি বলেন, ‘রাসায়নিক সারের চেয়ে সবুজ সারে খরচ কম এবং অনেক বেশি নির্ভরযোগ্য ও কার্যকর পদ্ধতি। ফলনও ভালো হয় ।’গর্জনিয়ার মিয়াজীপাড়ার কৃষক মো. ইউনুচ (৩০) প্রায় দশ কানি জমিতে ধঞ্চের চাষ করেছেন। তিনি বলেন, ‘রাসায়নিক সার প্রয়োগের পর অতিবৃষ্টিতে জমির মাটি ধুয়ে যায়। এতে সারের কার্যক্ষমতাও কমে যায়। কিন্তু সবুজ সার ব্যবহারে সে ঝুঁকি নেই।’ কৃষি বিভাগ ও কৃষকেরা জানান, চলতি মৌসুমে রামুর প্রায় ১২০ একর জমিতে ধঞ্চের চাষ হয়েছে। উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ—এই তিন ইউনিয়নে ১৫০ জন ধঞ্চে চাষি রয়েছেন। চাষ ও সার প্রয়োগ পদ্ধতি: বোরো মৌসুমের শেষে এপ্রিল মাস ধঞ্চে চাষের উপযুক্ত সময়। নির্বাচিত জমিতে একবার চাষ দিয়ে সবুজ সারের জন্য কানিপ্রতি চার কেজি বীজ, আর জ্বালানি সংগ্রহের জন্য আড়াই কেজি বীজ ছিটাতে হবে। খরা দেখা দিলে প্রয়োজনে একবার সেচ দিতে হবে।তিন থেকে সাড়ে তিন মাস পর ফুল এলে গাছ কেটে মাটিতে মিশিয়ে দিতে হবে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে তা পচে মাটিতে মিশে যায় এবং সারে পরিণত হয়। এরপর জমিতে চাষ দিয়ে অন্যান্য ফসল আবাদ করা যায়। তবে কেউ জ্বালানি বা বীজ নিতে চাইলে না কেটে গাছগুলো জমিতে চার মাস পর্যন্ত রাখতে হবে। এর মধ্যে ধঞ্চেগাছ ছয় থেকে আট ফুট উঁচু হয়। সেপ্টেম্বরের শেষ দিকে ধঞ্চের কাঠি ও বীজ সংগ্রহ করা যায়। কৃষি কর্মকর্তারা যা বলেন: রামুর উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম কফিল উদ্দিন জানান, নিয়মানুযায়ী এক কানি জমিতে ২৫ কেজি ইউরিয়া, ১৬ থেকে ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, ১২ কেজি জিপসাম, এক কেজি জিংক সার দিতে হয়। কিন্তু অজ্ঞতার কারণে কৃষকেরা এর দ্বিগুণ ইউরিয়া সার ব্যবহার করেন। অতিরিক্ত ইউরিয়া ব্যবহারের কারণে অন্যান্য সারের কার্যকরতা নষ্ট হয়ে যায়। এতে ফসল ভালো হয় না। কিন্তু এর চেয়ে কম খরচে সবুজ সার প্রয়োগ করে ভালো ফসল পাওয়া যায় এবং জমির স্বাস্থ্য ভালো রাখা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম জানান, স্বাভাবিকভাবে জমিতে পাঁচ শতাংশ জৈব পদার্থ থাকার কথা, আছে এক ভাগেরও কম। জমির এ ঘাটতি পূরণে ধঞ্চে, গোবর ও কম্পোস্ট সার অন্যতম। এর মধ্যে ধঞ্চে সহজ ও কার্যকর পদ্ধতি। ধঞ্চের গাছ থেকে জৈব পদার্থ আর শেকড়ের নডিউল (সাদা সাদা গুটি) থেকে নাইট্রোজেন পাওয়া যায়, যা জমির জন্য খুবই উপকারী। তিনি জানান, ব্যাপকহারে ধঞ্চের চাষ হলে দেশে সারের ঘাটতি অনেকাংশে কমে যাবে।রামু কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এম সরওয়ার উদ্দিন জানান, জমিতে সবুজ সারের ব্যবহার ৮০ থেকে ৯০ শতাংশ ইউরিয়ার ঘাটতি পূরণ করে এবং অন্যান্য সারের চাহিদা অনেক গুণ কমিয়ে আনে। জমিতে জৈব পদার্থ ও পানি ধারণের ক্ষমতা বাড়ে। মাটি ঝুরঝুরে হয়। মাটির ভেতরে বায়ু চলাচল এবং অনুজীবের কার্যকরতা বাড়ে। এককথায়, জমির জীবন বাঁচাতে ধঞ্চের চাষ একটি কার্যকর পদ্ধতি।