মাটিরাঙ্গায় ইউপিডিএফ সমর্থক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকায় একটি ইটভাটায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পতিন কুমার ত্রিপুরা (২৫) নামের একজন খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পতিন কুমার ত্রিপুরা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক। তাঁকে কে বা কারা গুলি করেছে, তা স্পষ্ট করে কেউ বলতে পারেননি। নিহত পতিন কুমার ত্রিপুরার বাড়ি একই এলাকার তপ্ত মাস্টারপাড়ায়।
ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ১০ নম্বর এলাকায় একটি ইটভাটা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে ।