খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কয়েকটি গ্রামের আদিবাসীরা গতকাল রোববার বিকেল থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। মোটরসাইকেলের চালক মো. কামালের অপহরণকে কেন্দ্র করে গত শনিবার সহিংসতা শুরু হলে কয়েকটি গ্রামের আদিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিম ও তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফণী ভূষণ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গতকাল হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি আদিবাসীদের নিজ ঘরে ফিরে আসার আহ্বান জানাতে প্রথমে দক্ষিণ আচলং পয়েন্টে ফেনী নদীর তীরে যান। পরে যান আসালং এলাকার ফেনীছড়া বিজিবি ক্যাম্পের পাশে সীমান্ত পয়েন্টে। আদিবাসীরা প্রতিমন্ত্রীর কাছে যথোপযুক্ত নিরাপত্তা ও ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় প্রতিমন্ত্রী তাঁদের দাবি পূরণের আশ্বাস দিলে বিকেল থেকে সবাই বাড়িঘরে ফিরতে শুরু করেন।
বান্দর শিং পাড়ার কার্বারি (গ্রামপ্রধান) অমৃত রঞ্জন চাকমা বলেন, ‘গত শনিবার দুপুরে তাইন্দং এলাকায় মোটরসাইকেলের চালক কামাল অপহূত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর অপহূত ব্যক্তিকে উদ্ধার করতে আমরা পাহাড়ি ও বাঙালি মিলে ক্রস এলাকায় যাই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেলে বাঙালিরা পুলিশ ও বিজিবি সদস্যদের সামনে আমাদের মারধর করে। একপর্যায়ে বিজিবি সদস্যরা আমাদের উদ্ধার করে।’
অভিযোগ পাওয়া গেছে, ক্ষুব্ধ বাঙালিরা চারটি আদিবাসী গ্রাম বগাপাড়া, বান্দর শিং পাড়া, সর্বেশ্বর পাড়া ও তালুকদার পাড়ায় বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আদিবাসীদের অনেকে ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেন। অবশ্য বিজিবি ও স্থানীয় প্রশাসন প্রথমে ভারতে আশ্রয়ের বিষয়টি নাকচ করে দিয়েছিল।
বিজিবির গুইমারা সেক্টরের কমান্ডার কর্নেল ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, চারটি গ্রামের ৩৫টি ঘর পুড়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া আদিবাসীরা বাংলাদেশের সীমানার মধ্যেই আছেন। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিম জানান, চারটি গ্রামে হামলা হয়েছে। এসব গ্রামে ২৭টি ঘর পুড়ে গেছে। এর মধ্যে দুটি বাঙালি ঘরও রয়েছে। দীপংকর তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহে আলম জানান, শনিবার সন্ধ্যায় আহত অবস্থায় কামালকে নতুন পাড়া এলাকা থেকে এলাকাবাসী উদ্ধার করেন। তাঁকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে এখনো কথা বলা যায়নি।
গতকাল সরেজমিন বগা পাড়া ও সর্বেশ্বর পাড়ায় গিয়ে দেখা যায়, বগা পাড়ায় ১১টি এবং সর্বেশ্বর পাড়ায় ১৬টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ঘর। পুরো গ্রাম জনশূন্য। বাড়িঘরে কোনো বাসিন্দা নেই।
তাইন্দং ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং সরকারকে বেকায়দায় ফেলতে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। ইউপির সদস্য ফণী ভূষণ চাকমা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। অপহরণের ঘটনা সাজানো নাটক। এদিকে তাইন্দং এলাকায় আদিবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে খাগড়াছড়িতে ইউপিডিএফ গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল থেকে আজ সোমবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানান।