মাটিরাঙ্গায় যুব ফোরাম নেতা খুনের ঘটনায় ৪ আদিবাসীআটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শুক্রবার রাতে গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সভাপতি পঞ্চসেন ত্রিপুরা খুনের ঘটনায় চার আদিবাসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সন্ত্রাসীদের সহযোগিতা করার সন্দেহে উপজেলার গোমতী ইউনিয়নের মনিপাড়া থেকে গত শনিবার গভীর রাতে নিজ ঘর থেকে তাঁদের আটক করা হয়েছে। আটক চার আদিবাসী হলেন রণজিত কুমার ত্রিপুরা (৫৫), তাঁর দুই ছেলে বাঞ্ছা ত্রিপুরা (২৩) ও সুখী রঞ্জন ত্রিপুরা এবং একই গ্রামের সন্ধ্যারাম ত্রিপুরা (৪২)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ মিয়া আটকের কথা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে বিজিবি তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আগামীকাল (আজ) সোমবার তাঁদের আদালতে পাঠানো হবে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপন খীসা এক বিবৃতিতে ওই ব্যক্তিদের নিরীহ গ্রামবাসী উল্লেখ করে তাঁদের আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার বেলছড়ি ইউনিয়নে শুভরঞ্জন হেডম্যানপাড়ায় পঞ্চসেন ত্রিপুরা নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এর পর থেকে এলাকায় আদিবাসীদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।