মাটিরাঙ্গার আদিবাসী পল্লিতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নে আদিবাসী পল্লি রাজধর কার্বারিপাড়ায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি শিবমন্দিরসহ ছয়টি আদিবাসী বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত নয়টায়। জানা যায়, উপজেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে রাজধর কার্বারিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের পরিচয়ে কিছু বহিরাগত যুবক রাতে চাঁদাবাজি করে আসছিল। সোমবার রাতেও চাঁদাবাজির খবর পেয়ে অতিষ্ঠ স্থানীয় বাঙালিরা সংঘবদ্ধ হয়ে বহিরাগত চাঁদাবাজদের ধাওয়া করেছেন। এ সময় আদিবাসীদের ঘরবাড়ি, শিবমন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।বিজিবি যামিনীপাড়া জোনের অধিনায়ক কর্নেল তাবিব সাংবাদিকদের বলেন, ‘চাঁদাবাজিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ এলাকার বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।রাজধর কার্বারিপাড়ার এক বাসিন্দা মুঠোফোনে জানান, বর্ণাল ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আলী আকবরের নেতৃত্বে বাঙালিরা আদিবাসী গ্রামে হামলা চালান। এ সময় আদিবাসীরা ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। এ সুযোগে একটি শিবমন্দির ও ছয়টি ঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ণাল ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক বিবৃতিতে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নে আদিবাসী গ্রামে হামলার ঘটনার প্রতিবাদ করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে।মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, চাঁদাবাজির খবর পেয়ে বাঙালিরা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজদের ধাওয়া করেছেন। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।