মাটিরাঙ্গার তাইন্দংয়ে আদিবাসী ৪ গ্রামে হামলা ও অগ্নিসংযোগ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে মোটরসাইকেল চালককে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে গতকাল শনিবার বেলা তিনটায় স্থানীয় বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসী-অধ্যুষিত চার গ্রামে হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর ১২টার দিকে মো. কামাল নামের এক মোটরসাইকেল চালক অপহূত হয়েছেন—এ খবর পেয়ে স্থানীয় বাঙালিরা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা মিছিল ও সমাবেশ করার প্রস্তুতি নেয়। বাঙালিরা জড়ো হওয়ার খবর পেয়ে তাইন্দং ইউনিয়নের বান্দরশিং পাড়া, সর্বেশ্বর পাড়া, বগা পাড়া ও মনুদাস পাড়ার আদিবাসীরা বাড়িঘর ছেড়ে ভারতের সীমান্তের দিকে পালিয়ে যায়।তাইন্দং এলাকাটি মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে অন্তত ৪৫ কিলোমিটার দূরে হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান শামসুল হক জানান, অপহূত মোটরসাইকেল চালককে সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে নতুন পাড়া এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, মোটরসাইকেল চালকের অপহরণকে কেন্দ্র করে আদিবাসীদের ছয়-সাতটি ঘর পোড়ানো হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করেছে। পরে ইউনাইটেড ইউপিডিএফ এক বিবৃতিতে তাইন্দং ঘটনার প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।