মাটিরাঙ্গার হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দিনের বেলা এই হামলা হয়েছে। হামলাকারীরা প্রায় ৪০০ ঘরবাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নয়টি গ্রামের দুই হাজারেরও বেশি পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ ভয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছে। পুলিশ ও বিজিবির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।
লিখিত বক্তব্যে পাঁচ দফা দাবি করা হয়। এর মধ্যে রয়েছে সীমান্তের ওপারে থাকা মাটিরাঙ্গার আদিবাসীদের ফিরিয়ে এনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও লুটপাটের শিকার সব পরিবারকে অন্তত এক লাখ টাকা প্রদান, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রেশন দেওয়া। এ ছাড়া পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথভাবে প্রণয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার নিজেদের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে বিলবোর্ড টাঙিয়েছে। আদিবাসীরা যদি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করার ব্যর্থতা, আদিবাসীদের ওপর নিপীড়নের ঘটনার বিচারহীনতার চিত্র তুলে ধরে এসব বিলবোর্ডের ওপর টাঙিয়ে দেয়, তবে তা নামিয়ে ফেলার নৈতিক সাহস সরকারের নেই। তিনি বলেন, মাটিরাঙ্গার ঘটনায় দেশে এবং আন্তর্জাতিকভাবে যে দুর্নাম হয়েছে, বিলবোর্ড ঝুলিয়ে সেই দুর্নাম ঘুচবে না।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং অভিযোগ করেন, ‘গত পাঁচ বছরে আদিবাসীদের ওপর সহিংসতার যত ঘটনা ঘটেছে, তার কোনোটিরই বিচার বিভাগীয় তদন্ত হয়নি।’ তিনি বলেন, ‘স্বাধীন দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য অন্য দেশে আশ্রয় নিতে হয়—এটা লজ্জাজনক।’ তাহলে কী একাত্তর আর ২০১৩ একই—প্রশ্ন করে সঞ্জীব দ্রং দাবি করেন, দিনের পর দিন আদিবাসীদের ওপর হামলার ঘটনা বাড়ছে।
দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান বলেন, মাটিরাঙ্গার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আদিবাসী নেতা দীপায়ন খীসা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে মোটরসাইকেলচালককে অপহরণের অভিযোগে গত শনিবার বেলা তিনটায় স্থানীয় বাঙালিরা উত্তেজিত হয়ে আদিবাসী-অধ্যুষিত কয়েকটি গ্রামে হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ রয়েছে। বাঙালিদের জড়ো হওয়ার খবর পেয়ে কয়েকটি এলাকার আদিবাসীরা বাড়িঘর ছেড়ে ভারতের সীমান্তের দিকে পালিয়ে যায়।