মাটিরাঙ্গার ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫২টিই 'অধিক গুরুত্বপূর্ণ'
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টিকেই ‘অধিক গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মাটিরাঙ্গার সাতটি ইউপির মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। গত ২৭ মার্চ মনোনয়নপত্র জমাদানের পর থেকে মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনী সংঘর্ষ নিয়ে মাটিরাঙ্গা থানায় পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। সে জন্য মাটিরাঙ্গার সাতটি ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে চারজন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিমের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতটি স্ট্রাইকিং দল, পুলিশের তিনটি স্ট্রাইকিং দল ও পুলিশের নয়টি ভ্রাম্যমাণ দল মাঠে থাকবে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘মনোনয়নপত্র জমাদানের পর থেকে কয়েকটি ঘটনা ঘটেছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং মাঠপর্যায়ের প্রেক্ষাপট বিবেচনা করে ৬৩টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছি। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন কাজ করছে।