মাটিরাঙ্গায় হামলায় এএসপিসহ ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদের পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় এক সহকারী পুলিশ সুপার (এএসপি), পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গত শনিবার রাতে গুইমারা বাজারসংলগ্ন মুসলিমপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গুইমারা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন রাঙাচান চাকমা। তাঁর থেকে মাত্র নয় ভোট কম পেয়ে পরাজিত হন নুরুল ইসলাম। তাঁর সমর্থকেরা প্রিসাইডিং কর্মকর্তাকে পুনরায় ভোট গণনার অনুরোধ করলে দ্বিতীয়বার ভোট গণনা করা হয়। তাতেও একই ফল পাওয়া যায়। কিন্তু সমর্থকেরা আবারও ভোট গণনার দাবি জানায়। খবর পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ওই কেন্দ্রে যান। তিনি নূরুল ইসলামের সমর্থকদের বলেন, তাদের কোনো অভিযোগ বা আবেদন থাকলে লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে। এরপর কেন্দ্র থেকে নির্বাচন কর্মকর্তারা ফিরতে চাইলে বিক্ষুব্ধ সমর্থকেরা পথে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেলও নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে এএসপি মাহফুজুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য ও পুলিশের লাঠি পেটায় ১৫ জন গ্রামবাসী আহত হয়। মাহফুজুল ইসলাম মাথায় আঘাত পান। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করে। পরে দুজন বাদে অন্যদের ছেড়ে দেওয়া হয়।