মাটির নিচে ৩৭৪০টি গুলি!
জামালপুরে একটি বাড়ির উঠোনে মাটির নিচে পাওয়া গেছে রাইফেলের ৩ হাজার ৭৪০টি গুলি। আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী ওই ইউনিয়নের পল্লি চিকিৎসক আবদুল্লাহ আল-মামুনের বাড়ির পশ্চিম পাশে শৌচাগার বানানোর জন্য কয়েকজন শ্রমিক মাটি কাটছিলেন। তিন ফুট মাটি খোঁড়ার পর শ্রমিকেরা গর্তে গুলি দেখতে পান। খবর পেয়ে বিজিবির সদস্য ও দেওয়ানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলির গায়ে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির সংক্ষেপে (পিওএফ) শব্দটি খোদাই রয়েছে। এ ছাড়া গুলিগুলোর গায়ে খোদাই করা ১৯৬০ থেকে ১৯৬৭ সাল লেখা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত রাইফেলের গুলি এগুলো।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মো.আবদুর রশিদ বলেন, আবদুল্লাহ আল-মামুনের বাড়িতে শৌচাগার বানানোর জন্য মাটি খোঁড়ার সময় গুলিগুলো পাওয়া যায়। গুলি উদ্ধারের খবরে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গুলি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন মাটির নিচে থাকায় গুলিগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে।