মাঠ ও পার্কের সংস্কার কাজের উদ্বোধন

লালবাগের শহীদ আবদুল আলিম খেলার মাঠ ও আজিমপুরের রসুলবাগ শিশুপার্ক আধুনিকায়ন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আধুনিকায়ন ও সংস্কারকাজের উদ্বোধন করেন।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত শহীদ আবদুল আলিম খেলার মাঠ সংস্কারে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে। এই মাঠে ফুটবল খেলার ব্যবস্থা থাকবে। নির্মাণ করা হবে প্যাভিলিয়ন, হাঁটার জন্য ওয়াকওয়ে, বসার জন্য বেঞ্চ, শিশুদের খেলার জন্য পৃথক জায়গা, লাইব্রেরি, ব্যায়ামাগার ও শৌচাগার। মাঠে থাকবে ঈদ জামাতের ব্যবস্থা।
এদিকে রসুলবাগ শিশুপার্কে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শিশুদের জন্য আধুনিক খেলার সরঞ্জামাদি, প্যাভিলিয়ন, ওয়াকওয়ে ও বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা হবে। এই মাঠ ও পার্কের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রসুলবাগ শিশুপার্কে।
অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘নির্বাচনের আগে বেদখলে থাকা পার্ক-মাঠ উদ্ধার ও আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ শহীদ আবদুল আলিম খেলার মাঠ ও রসুলবাগ শিশুপার্কের আধুনিকায়নের কাজ শুরু করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে এর সংস্কারকাজ শেষ হবে।’
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, শিগগিরই আরও কয়েকটি মাঠের সংস্কারকাজ শুরু হবে।