মাঠ ও বাজার দখল করে চলেছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকায় সরকারি মাঠ ও বাজারের জমি দখল করে নিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী।হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউজ্জামান চৌধুরী জানান, হাতিয়ান্দহ মাঠের জায়গার পরিমাণ ৪২ শতক। গত বছর জুলাইয়ে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের ভাই কাজী ঝন্টু মাঠের কিছু জমি দখল করে একটি বাড়ি ও গুদামঘর নির্মাণ করেন। এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ করেও মাঠ দখল ঠেকাতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পিয়াস খন্দকার ও ওমর শরীফ চৌহান মাঠের মাঝ বরাবর দখল করে ছয়টি ঘর নির্মাণের কাজ শুরু করেন। রাতের আঁধারে বাঁশের খুঁটি পুঁতে তাঁরা পুরো মাঠের নিয়ন্ত্রণ নেন। তবে এলাকাবাসীর দাবির মুখে স্থানীয় সাংসদ জুনায়েদ আহম্মেদের নির্দেশে ওই দিন পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেন।ওই এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, ‘কোনো কাগজপত্র ছাড়াই শুধু ক্ষমতার জোরে কিছু লোক এখন মাঠের জায়গা ভোগ করবেন।’২৫ জানুয়ারি ওই এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের কাছেই হাতিয়ান্দহ বাজারের ৯ শতক জমি দখল করে সেখানে পাঁচটি দোকানঘর নির্মাণ করেছেন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জুলহাস ও ইউনিয়ন যুবলীগের সদস্য পিয়াস খন্দকার। তাঁদের বাড়ি সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে। দোকানের ভাড়াটে মনোয়ার হোসেন ও পলান চন্দ্র ঘোষ বলেন, একেকটি ঘরের ভাড়া বাবদ আমরা জুলহাসকে মাসে দেড় হাজার টাকা করে দিই।পিয়াস খন্দকার ও জুলহাস বাজারের জমি দখলের কথা স্বীকার করে বলেন, জমির লাইসেন্সের (জমি ব্যবহারের অনুমতি) জন্য ভূমি অফিসে আবেদন করেছি। এ ছাড়া বাজারের মাঝখানে সরকারি টাকায় নির্মিত টিনের ছাউনি দখল করে নিয়েছেন গোবিন্দপুরের আওয়ামী লীগ কর্মী মখলেছুর রহমান। তিনি সেখানে ভাঙারির ব্যবসা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে মখলেছুর রহমান বলেন, ‘অনেকেই তো অনেক কিছু দখল করেছেন। আমিও করেছি। সরকার যদি সবারটা ভাঙে, আমারটাও ভাঙবে।’ হাতিয়ান্দহ বালিকা উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে ওই বাজারের দুই শতক জমি দখল করে ঘর করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনায়েদ আহম্মেদের ব্যক্তিগত সচিব রুহুল আমিনের ভাই সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম জমি দখলের কথা স্বীকার করেছেন।সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারি জমি দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছি। তবে কাজটা খুব সহজ হবে না।’সাংসদ জুনায়েদ আহম্মেদ বলেন, ‘দখলদারেরা কেউ আমার এলাকার লোক নন। তাঁরা পাশের নাটোর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোক। আমাদের লোকজনকে প্রতিনিয়ত তাঁদের এলাকা হয়ে নাটোর শহরে যাতায়াত করতে হয়। বাধা দিলেই তাঁরা রাস্তাঘাটে গোলমাল করেন। এই আতঙ্কে এখানকার লোকজন নীরবে সবকিছু সহ্য করে যাচ্ছে। তবে আমি নাটোর থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলেছি।’