আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) দুই নির্বাচন কমিশনার গতকাল সোমবার তিন বিভাগের মাঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এতে তাঁরা মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বে অবহেলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।সিইসি ও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন-সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা অংশ নেন। খুলনায় মাঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি এ টি এম শামসুল হুদা। স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে সিইসি সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন-সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনের চার দিন আগ থেকে শুরু করে নির্বাচনের পরদিন পর্যন্ত বিশেষ টহল থাকবে।্র্রআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর মাঠ কর্মকর্তারা অংশ নেন। এতে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহার না করা, দেয়াল লিখন মুছে ফেলা ও মাইকিংয়ের ক্ষেত্রে প্রার্থীরা নিয়ম মেনে চলছে কি না তা পর্যবেক্ষণ করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে ঢাকা বিভাগের মতবিনিময় সভা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী-সাংসদদের নির্বাচনী এলাকায় না যাওয়ার পরামর্শ দেন এম সাখাওয়াত। আদালতের রায় অনুযায়ী বর্তমান পৌর মেয়ররা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন উল্লেখ করে সাখাওয়াত জানান, শিগগিরই এ বিষয়ে মাঠপর্যায়ে নির্দেশনা পাঠানো হবে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও খুলনা অফিস]