
তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে মাঠ গরম না করে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে আলোচনায় বসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রোববার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য নির্দলীয় সরকার একমাত্র শর্ত নয়। ’৯০ সালের পর বাংলাদেশে প্রতিটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরাজিত দল সেসব নির্বাচনের ফল মানেনি, নির্দলীয় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং জাতীয় সংসদকে কার্যকর করতে দেয়নি।
সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি গোলাম মহসিনসহ প্রশাসনের কর্মকর্তা ও মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।