মাঠ গুছিয়ে আনতে পারলেই প্রচারে নামবেন খালেদা
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নামবেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এখনই নয়। গ্রেপ্তারের ঝামেলা এড়িয়ে কেন্দ্রীয় ও মধ্যম সারির নেতারা নির্বাচনী মাঠ কিছুটা গুছিয়ে আনতে পারলেই চূড়ান্ত প্রচারে অংশ নেবেন তিনি।
বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে এই পরিকল্পনার কথা জানা গেছে। নীতিনির্ধারণী সূত্রগুলো জানায়, ঢাকায় খালেদা জিয়া নির্বাচনী মাঠে নামতে পারেন ভোটের এক সপ্তাহ আগে। এর মাঝখানে চট্টগ্রামেও বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি যে ধরনের অনুকূল পরিবেশের আশা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা এখনো অর্জিত হয়নি। মামলা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা আগাম জামিন নিয়ে ফিরে এসে নির্বাচনী মাঠে নামবেন—এটাই ছিল অগ্রাধিকার। কিন্তু যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ছাড়া বলার মতো কেউ মুক্ত হননি। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ফলে পুরোদমে প্রচারণা চালানো কিংবা প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসার যে সর্বশক্তি নিয়োগ করার পরিকল্পনা ছিল, তা এখনো সম্ভব হচ্ছে না।
বিএনপির সূত্র জানায়, এ পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব বাংলা নববর্ষ পর্যন্ত অনুকূল পরিবেশ ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। এরপর আরও এক-দুই দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তাঁরা। এর পরও যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তখন নির্বাচন বর্জনের মতো কঠিন সিদ্ধান্তও আসতে পারে।
বিএনপির নেতারা বলছেন, চট্টগ্রামে কেন্দ্রীয় নেতারা মাঠে থাকায় সেখানকার প্রচারকাজে ব্যাপক গতি আছে। সরকারি দল-সমর্থিত প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে মাঠে আছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। কিন্তু কেন্দ্রীয় নেতারা কারাগারে কিংবা আত্মগোপনে থাকায় ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্রচারণায় ভঙ্গুর দশা, অনেকটাই জৌলুশহীন।
সমস্যার গভীরতা বোঝাতে গিয়ে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা উদাহরণ হিসেবে বলেন, যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে প্রচারে নামানো নিয়ে ঢাকার উভয় সিটি করপোরেশনে রীতিমতো টানাটানি চলছে। তাবিথের পক্ষে নামাতে একজন ফোন করলে, আব্বাসের পক্ষে নামতে ফোন দিচ্ছেন আরেকজন। এ নিয়ে মোয়াজ্জেম হোসেন রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়েছেন।
প্রার্থী পরিচিতি পিছিয়েছে: বিএনপি-সমর্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর প্রার্থী পরিচিতি অনুষ্ঠান পিছিয়ে গেছে। কাল সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে খালেদা জিয়াও উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত না হওয়ায় পরিচিতি অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উৎসবের পরে এই অনুষ্ঠান করা হতে পারে।