হবিগঞ্জে দুটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীরা এখনো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার ব্যাপারে তাঁদের অবস্থানে অনড় রয়েছেন। তাঁরা এলাকার বিভিন্ন স্থানে গিয়ে গণসংযোগ করছেন।
হবিগঞ্জে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এখানে বিএনপির ‘বিদ্রোহী’ পৌর কমিটির সভাপতি আমিনুর রশিদ এবং জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম ইসলাম তরফদার। শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক এবং বিএনপির ‘বিদ্রোহী’ উপজেলা যুবদলের সভাপতি আবদুল মজিদ। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান গণসংযোগ করছেন।
মিজানুর রহমান বলেন, এর আগে তিনি দুবার হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন। এবার ভোটাররা তাঁকে মেয়র হিসেবে দেখতে চান। তাঁর বিশ্বাস, যোগ্যতার ভিত্তিতে ভোটাররা তাঁকে বেছে নেবেন।
আতাউর রহমান সেলিম বলেন, ‘আমার বিশ্বাস, দলের স্বার্থে মিজান তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।’
শায়েস্তাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী দলের পৌর কমিটির সভাপতি ছালেক মিয়া। এখানে আতাউর রহমান মাসুক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আতাউর রহমান মাসুক বলেন, স্থানীয় মানুষের ইচ্ছা পূরণ করতে তিনি মেয়র প্রার্থী হয়েছেন। তাঁর বিশ্বাস, এলাকার মানুষ তাঁকেই নির্বাচিত করবেন।
ছালেক মিয়া বলেন, দলের কথা বিবেচনা করে মাসুক হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ পৌরসভায় বিএনপি থেকে জেলা শাখার সাধারণ সম্পাদক জি কে গউছকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন। এ পৌরসভায় আমিনুর রশিদ ও এম ইসলাম তরফদার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আমিনুর রশিদ বলেন, দল যাঁকে মনোনয়ন দিয়েছে তাঁর কোনো অবস্থান নেই। তৃণমূলের নেতা-কর্মী ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন।
এম ইসলাম তরফদার বলেন, দলের মনোনয়ন সঠিক হয়নি। জি কে গউছ কারাগারে থাকায় জনগণ থেকে দূরে রয়েছেন। নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অচিরেই কেন্দ্র থেকে তাঁকে সমর্থন জানানো হবে।
শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র ফরিদ আহমেদ। এখানে উপজেলা যুবদলের সভাপতি আবদুল মজিদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি দাবি করেন, তিনি মানুষের জন্য অনেক দিন ধরে কাজ করছেন। মানুষ মনে করে তিনি যোগ্য প্রার্থী।
ফরিদ আহমেদ বলেন, তাঁর চেষ্টায় শায়েস্তাগঞ্জ পৌরসভা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে। এবার তিনি বিএনপির প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে তাঁকে নিয়ে আগ্রহ আরও বেড়েছে।