মাঠ ছাড়লেন সাংসদের মেজো ভাই
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ দবিরুল ইসলামের মেজো ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোহাম্মদ আলী চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করে ছোট ভাই সফিকুল ইসলামকে সমর্থন জানান।
এ ছাড়া বালিয়াডাঙ্গীতে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুস সালাম ও মমিনুল ইসলাম ভাসানী এবং রানীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান গতকাল প্রার্থিতা প্রত্যাহার করেন। বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মনোনয়নপত্র জমা দেওয়ার পর ৪ ফেব্রুয়ারি অভিযোগ করেছিলেন, তাঁদের বড় ভাই সাংসদ দবিরুল তৃণমূলের নেতা-কর্মীদের পাশ কাটিয়ে এককভাবে তাঁদের ছোট ভাই সফিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সমর্থনের ঘোষণা দেন। মোহাম্মদ আলী তখন বলেছিলেন, ‘জনমত আমার সঙ্গেই আছে। আমি নির্বাচনের ময়দান কখনই ছেড়ে দেব না।’ এ নিয়ে ৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘মেজো ও ছোটতে লড়াই, মাঝে সাংসদ বড় ভাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের পর মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘বালিয়াডাঙ্গী উপজেলায় আমাদের পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। নিজেদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে এই ঐতিহ্য নষ্ট করতে চাই না।’
এ বিষয়ে সাংসদ দবিরুল ইসলাম বলেন, ‘দলের কথা ভেবে সফিকুলকে উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছি।’
বালিয়াডাঙ্গীতে চেয়ারম্যান পদে সফিকুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আবু হায়াত নূরুন্নবী।