মাঠ ছেড়ে দিতে ভয় দেখাচ্ছে একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ওরফে রুবেল মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ভোলার লালমোহন উপজেলার চর ওমেদ গ্রামের জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীরকে ভাড়া করে এনে তাঁর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গঠন করেছেন সাইদুর রহমান। জাহাঙ্গীর বাহিনীর লোকজন প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে অভিযোগকারী ছয় প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে চরকাজল ইউনিয়নের সাধারণ ভোটাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গলাচিপা থানার ওসিকে বলা হয়েছে। মো. সাইদুর রহমান বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন ভণ্ডুল করার জন্য আমার বিরুদ্ধে ওই সব অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’