মাঠ তৈরির নামে গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বড় মাঠ থাকা সত্ত্বেও খুলনা মেডিকেল কলেজের আবাসিক এলাকায় নতুন খেলার মাঠ তৈরির নাম করে গত দুই দিনে কয়েক শ ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে।জানা গেছে, মেডিকেল কলেজ আবাসিক এলাকার বাসিন্দারা গত কয়েক বছরে তাঁদের বাসার সামনে বিভিন্ন জাতের বিপুলসংখ্যক ফলের গাছ লাগান। তা ছাড়া সেখানে আগে থেকেই বেশ কিছু বড় গাছ ছিল। কলেজের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী শিশুদের খেলার মাঠ তৈরির নামে এতগুলো গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা গেছে, আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, লেবু, আমড়াসহ অসংখ্য ছোট-বড় গাছ মাটি থেকে প্রায় এক ফুট উঁচুতে দা দিয়ে কেটে ফেলা হয়েছে। সে অবস্থাতেই পড়ে আছে গাছগুলো । চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর কাছে গাছ কাটার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা প্রয়োজন মনে করেছে, কেটেছে।’গাছ কাটার কারণ জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের প্রধান সহকারী শেখ মনিরুল ইসলাম বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ১৫-২০ দিন আগে অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করেন, তাঁদের ছেলেমেয়েদের মেডিকেলের ছাত্ররা খেলতে দেয় না। তাই তাঁদের মাঠ প্রয়োজন। তখন স্যার তাদের ওখানকার গাছ কেটে ফেলতে বলেন। ওখানে এলে গাছপালা লাগানোর কথা ছিল না। তখন যে যা লাগিয়েছিলেন, এখন নিজেরাই কেটে ফেলেছেন।’ নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক অধ্যাপক বলেন, ‘সকালে কাটা গাছগুলো পড়ে থাকতে দেখে বুকটার ভেতর যেন মোচড় দিয়ে উঠল। কোন বিবেকে ওরা এতগুলো জীবন্ত গাছ কাটল?’ খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হামিদ আজগর বলেন, ‘যে মাঠটি আছে সেখানে মেডিকেলের ছাত্ররা আবাসিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের খেলতে দিতে আপত্তি করায় নতুন মাঠ তৈরির জন্য শুধু ওই গাছগুলো কাটা হয়েছে। তাছাড়া ওখানে জঙ্গল কাটা হয়েছে, কোনো গাছ কাটা হয়নি।’