মাঠ নেই, আছে মাদকের সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়োনালার জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছিল কালাচাঁদপুরের পশ্চিমপাড়ার সড়কটি। এরই মধ্যে পয়োনালা স্থাপনের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু সড়ক ঠিক করা হয়নি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
পয়োনালার জন্য খোঁড়াখুঁড়ি করা হয়েছিল কালাচাঁদপুরের পশ্চিমপাড়ার সড়কটি। এরই মধ্যে পয়োনালা স্থাপনের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু সড়ক ঠিক করা হয়নি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত খানাখন্দে ভরা অনেক সড়কে। ফুটপাতে ছিল অবৈধ স্থাপনা। তবে কার্যকর উদ্যোগের ফলে এসব সমস্যা অনেকখানি মিটেছে। তবে এলাকায় কোনো খেলার মাঠ, সরকারি কাঁচাবাজার কিংবা কমিউনিটি সেন্টার নেই। অন্যদিকে আছে মাদক ব্যবসার সমস্যা।
কালাচাঁদপুর, নর্দ্দা, বারিধারার কে ও জে ব্লক এবং শাহজাদপুরের তিনটি ব্লক নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের বর্তমান চিত্র এমনই। এই ওয়ার্ডের জনসংখ্যা ৬ লাখের কাছাকাছি। ভোটারের সংখ্যা ৩৭ হাজার ১৪৪ জন।
গতকাল রোববার ওয়ার্ডের কয়েকটি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৪০ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের সঙ্গে কথা বলে এসব সমস্যার কথা জানা যায়।
স্থানীয় লোকজন বলেন, বারিধারায় দুটি পার্ক থাকলেও সেগুলো নিয়ন্ত্রণ করে বারিধারা সোসাইটি। দিনে ঘণ্টা দুয়েকের জন্য এলাকার লোকজন সেখানে প্রবেশ করতে পারলেও বাকি সময় তাঁরা সেখানে ঢুকতে পারেন না।
গতকাল টিপ টিপ বৃষ্টির মধ্যে বারিধারা লেকের পাশ দিয়ে হাঁটার সময় নাকে এল তীব্র দুর্গন্ধ। স্থানীয় লোকজন বললেন, এই লেকের সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা সংযুক্ত থাকার কারণে পানি দূষিত হচ্ছে। সেই সঙ্গে গুলশানেরও কিছু পানি এখানে আসে। এটা বন্ধ করতে না পারলে লেকের দূষণ কমানো সম্ভব নয়।
নর্দ্দা বাজার এলাকার বাসিন্দা শরিফুল হক বললেন, আগে সামান্য বৃষ্টিতেই যেভাবে নর্দ্দা ও কালাচাঁদপুরের সড়কগুলোতে পানি জমে যেত, সে সমস্যা অনেকটা মিটেছে। তবে কালাচাঁদপুর স্কুলের সামনে, কবরস্থান সড়ক, মলুরটেক ও বউবাজারে এই সমস্যা রয়ে গেছে।
শরিফুল হকের দেওয়া তথ্য অনুসারে ওই সড়কগুলোতে গিয়ে এর সত্যতা মিলল। দেখা গেল, পিচ ওঠা কর্দমাক্ত কবরস্থান রোড দিয়ে চলাই কষ্টকর। কালাচাঁদপুর স্কুলের সামনের সড়কেও জমে থাকা পানি পথচলতি মানুষের ভোগান্তির কারণ হচ্ছে। এ ছাড়া গারোবাজার এলাকার সড়কের অবস্থাও সঙিন। তবে পশ্চিমপাড়া পাকা মসজিদের পাশের একটি সড়কে সংস্কারকাজ চলছে।
এ সময় কবরস্থান রোড এলাকার বাসিন্দা সাইফুদ্দিন আহমেদ বললেন, বৃষ্টির সঙ্গে সঙ্গে নালা-নর্দমার নোংরা পানি উঠে আসে। দু-এক ঘণ্টা পর পানি নেমে গেলেও দুর্গন্ধ থেকে যায়।
একই সড়কের একটি চায়ের দোকানে বসে কথা হচ্ছিল এবার এসএসসি পরীক্ষা দেওয়া চার তরুণের সঙ্গে। তাদের ভাষ্য, গত বছর অনেক বিষয়ে উন্নতি হলেও এই ওয়ার্ডে মাদকের সমস্যা রয়ে গেছে। তাদের বন্ধুদের অনেকেই কালাচাঁদপুরের অন্তত তিনটি স্থান থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে। জায়গাগুলো মিন্টু রোড, মলুরটেক ও পশ্চিমপাড়ায়।
তরুণদের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে শাহজাদপুরের বাসিন্দা জুলফিকার আলী বললেন, মাদকের সমস্যা এখনো নিয়ন্ত্রণের বাইরে থেকে গেছে। তিনি বলেন, শাহজাদপুরের বাটা গলির একটি জায়গায় ফেনসিডিল বিক্রি করা হয়।
মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানালেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।
এদিকে ওয়ার্ডে কোনো খেলার মাঠ না থাকায় আক্ষেপ করলেন অনেক বাসিন্দা। নর্দ্দার জেসমিন আক্তার বললেন, ‘বারিধারার দুটো পার্ক থেকেও নেই। বাচ্চারা যে মাঠে একটু খেলবে সে সুযোগও নেই।’
ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের দাবি জানালেন একই এলাকার মনোয়ারুল ইসলাম। শাহজাদপুরের সজীব মোহালির কাছ থেকে দাবি উঠল একটা উন্নত সরকারি কাঁচাবাজার নির্মাণের জন্য। তিনি বললেন, ওয়ার্ডে ছোট পরিসরে তিনটি কাঁচাবাজার আছে। তবে আধুনিক অবকাঠামোসহ একটা সরকারি কাঁচাবাজার হলে সুবিধা হয়।

মাদক পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি
২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন জাকির হোসেন বাবুল। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে কালাচাঁদপুরে নিজ কার্যালয়ে বসে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: ওয়ার্ডের লোকজন মাদককে এই এলাকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
কাউন্সিলর: এটা সত্য যে ওয়ার্ডের মাদকের সমস্যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমি বলব, এর ৭০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। বাকিটুকুও যাতে না থাকে তার জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি।

জাকির হোসেন বাবুল
জাকির হোসেন বাবুল

প্রথম আলো: আপনার চোখে এই ওয়ার্ডের প্রধান সমস্যা কোনগুলো?
কাউন্সিলর: প্রথমত, এই এলাকায় কোনো খেলার মাঠ নেই। দুটো পার্ক থাকলেও সেটা বারিধারা সোসাইটির নিয়ন্ত্রণে। আর শাহজাদপুর-বারিধারা লেকের দূষণ এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। ময়লা পানি এই লেকে এসে পড়ে। যদি এটা বন্ধ করা যেত তাহলে সুবিধা হতো।
প্রথম আলো: গত দুই বছরে আপনার সাফল্য কী?
কাউন্সিলর: ওয়ার্ডের জলাবদ্ধতার সমস্যা অনেকখানি কমে এসেছে। মলুরটেক, বউবাজার সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি বছরে ওয়ার্ডে প্রায় ৫০ কোটি টাকার কাজ হচ্ছে। একেবারে গলির সড়কও পাকা করার কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত করেছি।