মাঠ নেই, পর্দায় চলছে খেলাধুলা

আট বছরের সিয়াম হাসান মাঠে খেলতে যেতে চায়। কিন্তু বাসার কাছাকাছি মাঠ নেই। তার চাকরিজীবী বাবা-মা দূরের মাঠে নিয়ে যাওয়ার সুযোগ পান না। সিয়ামকে একটা ট্যাব কিনে দেওয়া হয়েছে। ছোট্ট সিয়ামের এখন সময় কাটে ট্যাবে গেমস খেলে।
রুশো হক ক্রিকেট ক্যারিয়ার বিগিনিংস নামের থ্রিডি গেমসটি নিয়ে সারা দিন পড়ে থাকে। ষষ্ঠ শ্রেণির রুশো হোমওয়ার্ক শেষ হলেই মুঠোফোন অথবা কম্পিউটারে বসে যায়। খেলা চলে ঘণ্টার পর ঘণ্টা। বাইরে খেলাধুলার সুযোগ না থাকায় নেতিবাচক দিক জেনেও আপত্তি করতে পারেন না মা। রুশোরা থাকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকে।
এ সমস্যা কেবল সিয়াম বা রুশোর নয়, গোটা রাজধানীতেই শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ খুব সীমিত। বেশির ভাগ স্কুলে মাঠ নেই। বাসার কাছেও মাঠ পাওয়া দুষ্কর। মাঠ থাকলেও অনেক অভিভাবক নিরাপত্তাহীনতার কারণে সন্তানদের দিতে চান না। তাই শিশু-কিশোরদের খেলাধুলার কাজটি এখন চলছে মুঠোফোন, ট্যাব কিংবা কম্পিউটারের পর্দায় (স্ক্রিন)।
বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল পর্দায় চোখ রেখে দীর্ঘ সময় খেলাধুলা করলে শিশু-কিশোরেরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে নানা শারীরিক সমস্যায় ভোগে। পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক বিকাশও বাধাগ্রস্ত হয়।
অভিভাবকদের দাবি, শিশুদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে খেলার মাঠের সংখ্যা বাড়ানো দরকার। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার কথাও বললেন তাঁরা। মোহাম্মদপুরের বাসিন্দা বাদশা আলম বলেন, ‘ইচ্ছে থাকলেও দুই ছেলেকে বাইরে খেলতে দিতে পারি না। মাঠ নেই। থাকলেও পরিবেশ ভালো না।’
রাজধানীর দুই সিটি করপোরেশনে খেলার মাঠের সংখ্যা কমবেশি ২৪। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২টি মাঠ আছে। এর বাইরে রাজউক এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু খেলার মাঠ আছে।
তবে সব কটি মাঠ খেলার উপযোগী নয়। কোনো কোনো মাঠ দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। কোনো কোনো মাঠে মাসের পর মাস মেলার নামে ব্যবসা চলে। মাঠে থাকে মাদকাসক্ত বা বখাটেদের উৎপাত। আবার এই ঈদে অনেক খেলার মাঠে বসানো হয়েছে পশুর হাট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবীর বলেন, নতুন খেলার মাঠ তৈরি সম্ভব নয়। তবে দখলে থাকা মাঠগুলো পুনরুদ্ধার করে খেলার উপযোগী করার প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, দেশের শহরগুলোর ১৪ শতাংশ শিশু স্থূলকায়। সাতটি সিটি করপোরেশনের ৫ থেকে ১৮ বছর বয়সী ৪ হাজার ১০০ শিশুর ওপর জরিপটি চালানো হয়।
জরিপে শিশুদের মুটিয়ে যাওয়ার কারণ হিসেবে ক্যালরিসমৃদ্ধ খাবার বেশি খাওয়া এবং দৈনিক কমপক্ষে এক ঘণ্টা ঘাম ঝরিয়ে খেলাধুলা না করাকে দায়ী করা হয়। এতে বলা হয়, অনিয়ন্ত্রিত টেলিভিশন দেখা, ট্যাব, মুঠোফোনে ভিডিও গেমস খেলার নেশা শিশুদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠছে।
ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথের পেডিয়াট্রিক বিভাগের প্রধান ওয়াহিদা খানম বলেন, বিভিন্ন ডিভাইস নিয়ে সময় কাটানো শিশুরা দ্বিমুখী যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের কথা বলা বা ভাষা শেখায় অন্তরায় হিসেবে কাজ করে। এ ছাড়া গেমস খেলতে গিয়ে শিশুরা দীর্ঘক্ষণ বসে থাকায় স্থূলকায় হয়ে যায়। এতে দীর্ঘ মেয়াদে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
আগের তুলনায় শিশু-কিশোরেরা চোখের সমস্যায় এখন বেশি ভুগছে বলে জানান চক্ষু বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়ে উল্লেখ করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক রুমানা আফরোজ বলেন, এখন যেসব শিশু-কিশোর চোখের সমস্যা নিয়ে আসে বা চশমা দরকার হয়; সারা দিনই মুঠোফোন বা ট্যাব নিয়ে পড়ে থাকে বলে অভিযোগ করেন তাদেরই অভিভাবকেরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক সালাহ্উদ্দিন কাউসার বলেন, যেসব শিশু বাইরে খেলে তাদের মানসিক চাপ কম থাকে। মন ভালো থাকে। পড়াশোনায় মনোযোগী হয়। তাই শিশুদের মানসিক বিকাশে বাইরে খেলাধুলার বিকল্প নেই।