মাঠ পর্যায়ে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতের দায় সিভিল সার্জনের
মাঠ পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা অনুপস্থিত থাকলে সিভিল সার্জনদের জবাবদিহি করতে হবে। আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমসংক্রান্ত এক সভায় মোহাম্মদ নাসিম কর্মস্থলে অনুপস্থিত থাকার কোনো অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। যে সিভিল সার্জন তাঁর অধীন চিকিৎসকদের গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না, তাঁকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন। মন্ত্রী কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাকে গতিশীল করতে মাঠ পর্যায়ের কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডারদের আরও মনোযোগী ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিসসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।