মাঠ প্রশাসনে ৫ বছর, নইলে পদোন্নতি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চাকরিজীবনের প্রথম ১০ বছরের মধ্যে কমপক্ষে পাঁচ বছর মাঠ প্রশাসনে চাকরি করতেই হবে। অন্যথায় পদোন্নতি হবে না। এ রকম বিধান রেখে প্রশাসনে পদোন্নতির নতুন নীতিমালা করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ে এর মধ্যে খসড়াও তৈরি করা হয়েছে। বতর্মান পদোন্নতিতে এ ধরনের বাধ্যবাধকতা নেই।

গতকাল বুধবার এ বিষয়ে জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, পদোন্নতির নতুন নীতিমালা করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য এখন খসড়া তৈরি হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মকর্তাদের রাখার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বতর্মানে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা আছেন, যাঁরা মাঠ প্রশাসনে দুই বছর (প্রফেশনাল পিরিয়ড) চাকরি করার পর থেকে ঢাকায় চলে আসার চেষ্টা করেন। সিনিয়র স্কেল পাওয়ার পর এই প্রবণতা আরও বেড়ে যায়। নানা চেষ্টা-তদবির করে অনেকে চলেও আসেন। এতে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও এবং এডিসি পদে প্রয়োজনীয় কর্মকর্তা পাওয়া যায় না। এতে মাঠ প্রশাসনের কাজে সমস্যার সৃষ্টি হয়। বতর্মানে এক শয়েরও বেশি সহকারী কমিশনারের (ভূমি) পদ ফাঁকা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এডিসি ও ইউএনও পদও অনেক ফাঁকা । দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতির নতুন বিধিমালা করার উদ্যোগ নিয়েছে বলে জানান ওই কর্মকর্তারা।

নতুন নীতিমালা অনুযায়ী প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত বদলি ও লিয়েনেও (ছুটি নিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য জায়গায় চাকরি) যেতে পারবেন না।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হক প্রথম আলোকে বলেন, এসি ল্যান্ড, ইউএনও, আরডিসি, এডিসিসহ অন্যান্য পদে যাতে কাজের অভিজ্ঞতা নিয়ে কর্মকর্তারা ওপরের পদে বসতে পারেন, এ জন্যই এই বাধ্যবাধকতা আরোপ করে নীতিমালা করা হচ্ছে।

তবে নতুন এই উদ্যোগ নিয়ে নিচের স্তরের কনিষ্ঠ কর্মকর্তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের একাধিক কনিষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বতর্মানে উপসচিবের নিচের অনেক কর্মকর্তা আছেন, যাঁদের মাঠ প্রশাসনে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা নেই। নানা কারণে তাঁরা মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার হয়ে ঢাকায় বিভিন্ন পদে চাকরি করছেন। এ অবস্থায় হঠাৎ করে নতুন এই নিয়ম চালু হলে অনেকে পদোন্নতি থেকে বঞ্চিত হবেন।

একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, একটা সময় দিয়েই এটা করার কথা ভাবা হচ্ছে। তা ছাড়া কোথাও না কোথাও থেকে শুরু করতেই হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, বদলি-পদায়নে আরও কিছু নতুন নিয়মের কথা ভাবা হচ্ছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজ (জন্মস্থান বিবেচনায়) বিভাগের মধ্যে পদায়ন ও বদলি না করার বিষয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ প্রস্তাবটি নিয়ে কনিষ্ঠ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আছে। তাঁদের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটা করা হলে একধরনের শাস্তিমূলক নিয়ম হবে। কারণ অনেককে নিয়মিতভাবে পরিবারের খোঁজখবর নিতে হয়। আবার বদলির চাকরি। এ পরিস্থিতিতে বিভাগ পরিবর্তন করা হলে তা তাঁদের জন্য সমস্যার তৈরি করবে। এতে কাজেও প্রভাব পড়বে। ছুটির প্রবণতা বাড়বে।

বর্তমানে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কেবল নিজ জেলায় বদলি-পদায়ন করা হয় না। কনিষ্ঠ কর্মকর্তারা বলছেন, বিদ্যমান বিধানটি থাকতে পারে।