মাঠ প্রশাসনের কাজে অসন্তুষ্ট কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। কমিশন বলেছে, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কিন্তু মাঠ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পৌর নির্বাচনের আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে গতকাল শনিবার কমিশনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। রাজধানীর বিয়াম মিলনায়তনে এ সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানেরা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সব জেলা প্রশাসক (ডিসি), রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলেন একাধিক নির্বাচন কমিশনার। সভায় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘আপনারা বলছেন মাঠের পরিস্থিতি ভালো। গণমাধ্যম বলছে, প্রার্থী-সমর্থকেরা আচরণবিধি মানছেন না। কোনটি সত্য? গণমাধ্যম কি সবই মিথ্যা লেখে? অর্ধেকও যদি সত্য হয়, তবে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা যদি নিয়ে থাকেন, সেটা তো কমিশনকে জানাচ্ছেন না। রাষ্ট্রীয় দায়িত্ব ছেলেখেলা নয়। কেউ দায়িত্বে অবহেলা করলে তাঁকে শাস্তি পেতে হবে। প্রয়োজনে নির্বাচনের পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ গণমাধ্যমে কোনো খবর প্রকাশিত হলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে বলেন তিনি।
কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানান, নির্বাচনে বেশ কয়েক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা আইনবহির্ভূতভাবে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল করেছেন। ফেনীসহ কয়েকটি স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা, জোর করে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানোসহ বেশ কিছু অভিযোগ আছে। মনোনয়নপত্র জমা নেওয়ার আগে ও পরে প্রার্থী-সমর্থক এবং মন্ত্রী-সাংসদের অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছেন, যেসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেননি। বেশ কয়েক জায়গায় ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকদের আক্রমণে প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকেরা মারধরের শিকার হন। এমনকি গোলাগুলির ঘটনাও ঘটে। কিন্তু এসব বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।
এসব ঘটনায় কমিশন মাঠ প্রশাসনের ওপর অনেকটা ক্ষুব্ধ বলে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান। অনেকটা নিজেদের ভাবমূর্তি রক্ষায় কমিশন নিজ উদ্যোগে বরগুনা-২ আসনের হাচানুর রহমান, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের শফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সাতক্ষীরার কলারোয়ার রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়।
এ ছাড়া চাঁদপুরের উত্তর মতলব, মাদারীপুরের কালকিনি ও মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নেয়। আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে ১৭ জন রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পৌর নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা গর্হিত, অনভিপ্রেত ও গণতন্ত্রের জন্য চরম লজ্জার।’ সরকারের একাধিক মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ এবং বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থীদের ওপর হামলা ও তাঁদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার ও নির্বাচন কমিশন পার্টনারশিপের ভিত্তিতে মেয়র ও কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাইছে।’
কমিশনার আবু হাফিজ সভায় বলেন, ‘বাইরে গেলে আমরা প্রবাসীদের প্রশ্নের জবাব দিতে পারি না। তারা এত সুন্দর নির্বাচন করে, আমরা কেন পারি না?’
সভায় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভোটকেন্দ্রে তিনজনের বেশি পুলিশ দেওয়া সম্ভব নয়। তারা ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানায়। তবে কমিশন তাদের প্রস্তাব আমলে নেয়নি। সভায় উপস্থিত মাঠ কর্মকর্তা ও কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
কমিশনের প্রস্তাবে নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারী পুলিশসহ মোট ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ছয়জন অস্ত্রধারী পুলিশসহ মোট ২০ সদস্যের বাহিনী মোতায়েনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া পুলিশ, র্যা ব, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সমন্বয়ে ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনীর কাজ করার কথা বলা রয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, কেন্দ্রে তিনজনের বেশি পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। কারণ, পুলিশে জনবলের সংকট আছে।
জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘আপনারা প্রয়োজনে ভ্রাম্যমাণ ও অপেক্ষমাণ বাহিনীর সংখ্যা কমিয়ে দিতে পারেন। কেন্দ্রে পাঁচজন করে দিতেই হবে। অতীতেও সব ধরনের নির্বাচনে এই হারে বাহিনী মোতায়েন করা হয়েছে।’
সভায় উপস্থিত বেশির ভাগ জেলার পুলিশ সুপার (এসপি) গণমাধ্যমকর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেন, মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। জঙ্গি তৎপরতার বিষয়ে বাড়তি ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন করার বিষয়ে নীতিমালা তৈরি করা দরকার। তাঁদের কারণে অতীতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। এবারও সে রকম ঘটনা ঘটতে পারে। এরপর আইজিপি বলেন, টেলিভিশনগুলো ভোটকেন্দ্রে লাইভ সংবাদ প্রচার করে। এতে পুলিশের কাজে সমস্যা হয়। তারা ভোটকেন্দ্রের বাইরে থেকে দায়িত্ব পালন করলে ভালো হয়।
জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘সাংবাদিকেরা কমিশনের সহায়ক শক্তি। তাঁরা কীভাবে দায়িত্ব পালন করবেন, সেটা রিটার্নিং কর্মকর্তা ঠিক করবেন। তাঁদের বাইরে রাখা ঠিক হবে না। তাঁরা ভোটকেন্দ্র থেকে লাইভ প্রচার করলে তাতে কারও সমস্যা হওয়ার কথা নয়। তাতে আপনাদের-আমাদের সবারই সুবিধা। সঙ্গে সঙ্গে প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে।’
সভায় র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, দেশের উত্তরাঞ্চলে জঙ্গিদের তৎপরতা আছে। সে বিষয় মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাবরেজ শামস বলেন, ভোটের দিন কাছে আসার সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বেড়ে যেতে পারে। কালোটাকার ব্যবহার বাড়তে পারে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে শোনার পর সিইসি বলেন, সবাই চেষ্টা করলে এবং মনোবল নিয়ে মাঠে নামলে অল্পসংখ্যক বাহিনী নিয়েও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বেশি বেশি বাহিনী নিয়েও কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ঘটনা অতীতে ঘটেছে। কেউ যাতে কেন্দ্র দখল করতে না পারে, সে জন্য পুলিশের ভ্রাম্যমাণ দলকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে হবে। কেন্দ্র দখল করে সিল মারা শেষে ঘটনাস্থলে হাজির হলে কোনো লাভ নেই। ফোর্স আছে, কমান্ড নেই—এই অবস্থা চলতে পারে না। ভ্রাম্যমাণ আদালত রেখে কী লাভ হচ্ছে? তাঁরা যদি কিছু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেন, তাতে আচরণবিধি লঙ্ঘনের হার কিছুটা হলেও কমত। কিন্তু নির্বাহী হাকিমরা তো সেই রকম কিছু করছেন না। যে কারণে অনেকেই আচরণবিধি লঙ্ঘনে সাহস পাচ্ছে।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন বলেন, ‘সাংবাদিকদের তথ্য পেয়ে আমরা যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারি, সে জন্য গণমাধ্যমকে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।’ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, সেনা মোতায়েনের মতো পরিস্থিতি নেই। পুলিশ, র্যা ব, বিজিবি যথেষ্ট। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে সেখানে বাহিনী বাড়িয়ে দেওয়া হবে।
মন্ত্রী-সাংসদদের আচরণবিধি লঙ্ঘন প্রশ্নে সিইসি বলেন, ‘যা হওয়ার তা হয়ে গেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলেছি। আশা করি, তাঁরা বিধিবিধান মেনে চলবেন।’
সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও জাবেদ আলী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।