মাঠ ফিরে পেল শিশুরা
হারানো মাঠ ফিরে পেয়ে আবার প্রাণোচ্ছল ছুটোছুটি আর হুল্লোড়ে মেতে উঠেছে শিশুরা। তাদের খেলার মাঠে চা-বাগান গড়ে ওঠার ভয় কেটে গেছে। মাঠ রক্ষায় কঠোর আন্দোলনে নেমে সফল হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার একদল শিশু।ফিনলে চা-বাগান কর্তৃপক্ষ প্রায় এক একর জমিতে চায়ের চারা রোপণ করেনি। ওই জমি তারা শিশুদের খেলার উপযোগী করে দিয়েছে। শ্রীমঙ্গল পৌর এলাকার মুসলিমবাগ আবাসিক এলাকার শিশু আনোয়ার, রাসেল, আলমগীর, খোকনসহ কয়েকজন জানায়, চা-বাগানের কর্মীরা সব জমিতে চায়ের চারা লাগাননি। খেলার জন্য কিছু জমি তাঁরা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়া এই জমিতে তারা এখন খেলছে। বাগান কর্তৃপক্ষ এটি খেলার উপযোগী করে দিয়েছে।চা-বাগান সূত্রে জানা গেছে, ফিনলের কালীঘাট ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাজ্জাদ সারওয়ার আন্দোলনে যাওয়া শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের খেলার জন্য মাঠের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা এ নিয়ে আর কোনো আন্দোলনে যায়নি।সাজ্জাদ সারওয়ার প্রথম আলোকে বলেন, চা চাষের এলাকা সম্প্রসারণের প্রয়োজনে পতিত জমিতে চায়ের আবাদ করা হয়েছে। ফিনলে কর্তৃপক্ষ চা চাষের উপযোগী সব পতিত জমি চাষের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে ফিনলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, ভবিষ্যতেও করবে না।