মাঠ রক্ষার আন্দোলন চলবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবাদী ও পেশাজীবী ৫০টি সংগঠন ধানমন্ডি খেলার মাঠ দখলমুক্ত করার আন্দোলন নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে। এতে বক্তব্য দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন (বাঁ থেকে) গাজী আশরাফ হোসেন লিপু, আবু সাঈদ আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, ইকবাল হাবীব ও সারা হোসেন । ছবি: প্রথম আলো
পরিবেশবাদী ও পেশাজীবী ৫০টি সংগঠন ধানমন্ডি খেলার মাঠ দখলমুক্ত করার আন্দোলন নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করে। এতে বক্তব্য দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন (বাঁ থেকে) গাজী আশরাফ হোসেন লিপু, আবু সাঈদ আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, ইকবাল হাবীব ও সারা হোসেন । ছবি: প্রথম আলো

দুটি সংবাদ সম্মেলনই গতকাল শনিবার অনুষ্ঠিত হয়—একটি সকালে, আরেকটি বিকেলে। বিষয় এক—ধানমন্ডি খেলার মাঠ। আয়োজক ভিন্ন।
বিকেলে ছিল মাঠটি রক্ষা ও উন্মুক্ত করার দাবিতে আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন। এর আগে সকালে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের সংবাদ সম্মেলনের মূল সুর ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে বিষোদ্গার। কারও কারও নাম ধরে কটূক্তি।
ধানমন্ডির ক্লাব মাঠটি আগে সবার জন্য উন্মুক্ত থাকলেও দুই বছর ধরে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ। গত মার্চ মাসে গণপূর্ত বিভাগের মালিকানাধীন এই মাঠে ক্রীড়া স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। এমন তৎপরতার বিরোধিতা করে আসছে পরিবেশবাদী ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিক। গত শুক্রবার আন্দোলনকারীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করায় তাঁদের চারজনের বিরুদ্ধে মামলাও করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন এবং এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিকেলে ধানমন্ডি লেকের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটসহ ৫০ সংগঠন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আগে বলতাম, পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের পালন। কিন্তু এখন দেখছি, তাদের কাজ শিষ্টের দমন আর দুষ্টের পালন। গতকাল (শুক্রবার) সবার জন্য উন্মুক্ত মাঠে প্রবেশের জন্য মামলা গ্রহণ করে পুলিশ এই ধারণার প্রতিফলন ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘ধানমন্ডির মাঠটির সেবা নিচ্ছে মানুষ যুগ যুগ ধরে। এখন এটা দেয়াল দিয়ে অবরুদ্ধ করে দেওয়ার বিরুদ্ধেই আমাদের আন্দোলন।’
নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমরা চাই না বঙ্গবন্ধু বা তাঁর পরিবারের কোনো অমর্যাদা হোক। যে পরিবার অকাতরে নিজেদের বাড়ি জনগণকে বিলিয়ে দিয়েছে, সেই পরিবারের সদস্যের নাম (শেখ জামাল) ব্যবহার করে মাঠ দখল করা হচ্ছে। এতে বর্তমান সরকারের ভাবমূর্তি সাংঘাতিকভাবে নষ্ট হচ্ছে।’
ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের নাম ধরে কটূক্তির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ধানমন্ডি ৪-এ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কার্যালয় আছে। এটি সংগঠন, বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। রাজউকের নিয়ম অনুযায়ী ছোট অফিস এই এলাকায় থাকতে পারে। আমি দায়িত্ব নেওয়ার পর আগারগাঁওয়ে এই অফিস নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছি। ওই ভবনেই সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান কার্যালয়। এটিও উঠিয়ে নিতে হবে কি?’
আরেক প্রশ্নের জবাবে ইকবাল হাবিব বলেন, ‘আমি পেশায় স্থপতি। ধানমন্ডি লেক, বঙ্গবন্ধু জাদুঘরের সংস্কার, হাতিরঝিল প্রকল্পে কাজ করেছি। এসব কাজের আয়কর দাখিল করেছি। এসব কাজের কোনো ক্ষেত্রে কোনো অনিয়ম থাকলে কাঠগড়ায় দাঁড়াতে বললে দাঁড়াব।’
আইনবিদ শাহদীন মালিক বলেন, ‘গল্পে পুকুরচুরির কথা পড়েছি। কিন্তু ধানমন্ডির মাঠটি দখল যেন সমুদ্রচুরি।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী সারা হোসেন, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।
সকালে ধানমন্ডি ক্লাব মাঠের পূর্ব প্রান্তে ক্লাব কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনটি ছিল পুরোদস্তুর সভা। মূল বক্তাসহ মোট বক্তার সংখ্যা ১১ জন। কিন্তু সাংবাদিকদের তিনটি প্রশ্নের পরই ‘সময় নেই’ বলে তড়িঘড়ি করে শেষ করা হয় সংবাদ সম্মেলন। আগের দিন পত্রিকা কার্যালয়ে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছিল, ‘মাঠটি অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার তথা উক্ত মাঠে সরকারি তত্ত্বাবধানে নির্মাণাধীন কমপ্লেক্স কাজের অগ্রগতির বিষয়ে মত বিনিময়’ উপলক্ষে এই আয়োজন।
ক্লাবের সভাপতি মনজুর কাদের স্থপতি মোবাশ্বের হোসেন ও স্থপতি ইকবাল হাবিবের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মোবাশ্বের সাহেব ধানমন্ডি নিয়ে কথা বলার কে? ধানমন্ডি ৪ নম্বর রোডে তিনি বাণিজ্যিক কার্যালয় করে বসে আছেন। এটাতে পরিবেশ ধ্বংস হয় না? ধানমন্ডিতে এত মাঠ থাকতে এই মাঠে হাঁটতে হবে, এটা একটা অজুহাত।’
মনজুর কাদের বলেন, ‘পরিবেশের নাম বিক্রি করে ইকবাল হাবিব শত শত কোটি টাকা লুট করে নিয়েছেন হাতিরঝিল, ধানমন্ডি লেক থেকে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষকে পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছিল, সংবাদ সম্মেলনে উপস্থিতদের সবাই ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দা। তবে দর্শকদের ভেতর শ দেড়েক কিশোর-তরুণ দেখা যায়, যাঁরা দল বেঁধে অনুষ্ঠানস্থলে আসেন। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ছাত্রলীগের কর্মী।
অনুষ্ঠানের অন্যতম আলোচক সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের বক্তব্যের শুরুতে এই তরুণেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে দাঁড়িয়ে যান।
সাংসদ নাজমুল হাসান বলেন, ‘কাদের ভাই (মনজুর কাদের), ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। আপনার প্রতি আমার সমর্থন থাকবে।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন ধানমন্ডি ক্লাবের ফুটবল একাডেমির সভাপতি শওকত আজিজ রাসেল, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য কামরান আলী বেগ।