মাঠ রাঙাচ্ছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মীদের নিয়ে ডালিয়া ফুলের খেত পরিচর্যা করছেন আবদুল বাতেন (বাঁয়ে)। বন্দর উপজেলার মাধবপাশা গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো
কর্মীদের নিয়ে ডালিয়া ফুলের খেত পরিচর্যা করছেন আবদুল বাতেন (বাঁয়ে)। বন্দর উপজেলার মাধবপাশা গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

কলাগাছিয়া ইউনিয়নের মাঠঘাট যেন রঙিন। রঙের বাহারের সঙ্গে নানা সুবাস এখানকার বাতাসেও। গ্রামের পথ ধরে হাঁটতে মন ভরে যায়। চারদিকে ফুল আর ফুল। গাঁদা, ডালিয়া, গ্লাডিওলাস, চেরি, ক্যালেনডোলা, স্টার, জিপসি—আরও কত নাম। খেতে খেতে ব্যস্ত চাষি-শ্রমিকেরা। এক দল ফুল তুলছে, আরেক দল আঁটি বাঁধছে। কয়েকজন মালা গাঁথছেন। আরেক দল নতুন ফুলের চারা লাগানোর প্রস্তুতি নিচ্ছে। কথা বলার ফুরসত নেই কারও।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী, সাবদী ও মাধবপাশা এলাকায় গিয়ে গত ২৫ ফেব্রুয়ারি এই চিত্র চোখে পড়ল। দেশের যশোর, ঝিনাইদহের পর মানিকগঞ্জ ও সাভারে ফুল চাষের কথা সবার জানা। ঢাকার পাশের নারায়ণগঞ্জকে কখন যে এই তালিকায় তুলে এনেছেন এখানকার কৃষকেরা, তা জানা ছিল না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন্দর উপজেলা কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন জানালেন, এই উপজেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। ২০১১ সালে ৩৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়। এরপর থেকে ফুলের চাষ বেড়ে চলেছে। ২০১২ সালে ৬০ হেক্টর, ২০১৩ সালে ৯৫, ২০১৪ সালে ১২০ এবং ২০১৫ সালে ১৪০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে বলে তাঁদের কাছে তথ্য আছে। মাঠের পর মাঠ ফুল দিয়ে রাঙিয়ে তুলছেন এলাকার ফুলচাষিরা।
সবচেয়ে বেশি ফুল চাষ হচ্ছে কলাগাছিয়া ইউনিয়নে। এই ইউনিয়নের মাধবপাশা, সাবদী, দিঘলদী, নৃশং, মোহনপুর, কলাবাগ, জিওধরা, আদমপুর, নয়ানগর ও মুকফুলদী এলাকায় কৃষকেরা দিনে দিনে ফসল ছেড়ে ফুলের চাষে ঝুঁকেছেন। একইভাবে সদর ইউনিয়নের চৌধুরীবাড়ী, মীরকুন্ডি, বাগবাড়ী, কুশিয়ারা ও তিনগাঁও; মুসাপুরের কুলচরিত্র, মিনারবাড়ী ও চর ইসলামপুর; ধামগড় ইউনিয়নের নয়ামাটি ও মনারবাড়ী; উপজেলা শহরের শান্তিনগর, মদনগঞ্জ, মাহমুদনগরেও ফুল চাষ হচ্ছে।
উপজেলা কৃষি দপ্তর ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফসলের চেয়ে ফুলে আয় বেশি হওয়ায় ধীরে ধীরে লোকজন ফুল চাষে ঝুঁকছেন। তবে ফুল চাষে পরিশ্রম খুব বেশি বলেও জানালেন চাষিরা। দিনরাত পরিশ্রম করতে হয়। বিশেষ করে প্রতিদিন বাজারে ফুল নিতে হয় বলে ফুরসত থাকে না। আবার প্রতিদিন বিক্রি থাকে বলে নগদ টাকার প্রবাহই কৃষকদের পরিশ্রমে উৎসাহ জোগায়।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিঘলদী গ্রামের সুবোধ চন্দ্র হালদার প্রায় ৩০ বছর আগে বাড়ির পাশের উঁচু জমিতে ফুল চাষ শুরু করেন। প্রতিদিন অল্পস্বল্প ফুল এনে বিক্রি করতেন নারায়ণগঞ্জ ক্লাবের ফটকে। তিনিই এলাকার বেশ কয়েকজনকে ফুল চাষে উদ্বুদ্ধ করেন। ফুল চাষের মাধ্যমে খেয়ে-পরে ভালো থাকায় অন্যরাও এগিয়ে আসেন এ ব্যবসায়।
সুবোদ চন্দ্রের ভাই সুকুমার চন্দ্র হালদার (৬৩), একই গ্রামের মো. মহসিন, মো. সিদ্দিকসহ এলাকার কয়েকজন বললেন, প্রয়াত সুবোধই এই এলাকায় ফুল চাষের অগ্রপথিক। আগে বাড়ির আঙিনা বা পরিত্যক্ত অল্প জমিতে বেলি, কাঠমালতী ফুলের চাষ হতো। চাহিদা বাড়ায় এখন দেশি-বিদেশি নানা জাতের ফুল বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে।
সুবোধ হালদারের চাচাতো ভাই নকুল চন্দ্র হালদার (৪৮) এখন বড় চাষি। তিনি বললেন, আগে গম, ধান, সরিষা, আখ চাষ করতেন। ধান চাষ করে অনেক সময় খরচই উঠত না। প্রায় ২৫ বছর ধরে ফুল চাষ করছেন তিনি। এখন প্রতিদিন ট্রাকভর্তি ফুল নিয়ে শাহবাগে গিয়ে বিক্রি করেন। ৫০ বিঘা জমিতে সারা বছরই নানা রকম ফুলের চাষ করেন। নিজের দুই বিঘা জমি ছিল। লাভের টাকায় ৪০ শতাংশ জমি কিনেছেন। বাড়িতে ছনের ঘর ছিল। এখন চৌচালা ঘর করেছেন। ফুলের বীজ রাখার জন্য করেছেন আলাদা ঘর।

নারায়ণগঞ্জ ক্লাবের পাশে ফুলের বাজার। প্রতিদিন কলাগাছিয়ার শতাধিক চাষি এখানে ফুল বিক্রি করেন l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ ক্লাবের পাশে ফুলের বাজার। প্রতিদিন কলাগাছিয়ার শতাধিক চাষি এখানে ফুল বিক্রি করেন l ছবি: প্রথম আলো

দিঘলদী এলাকার ফুলচাষি আবদুল বাতেনের সঙ্গে কথা হয় তাঁর বাগানে। বাতেন (৩৫) বললেন, একসময় নিজের জমিতে সবজি চাষ করতেন। কিন্তু মৌসুমে প্রতি কেজি শিম বিক্রি হতো দুই থেকে আড়াই টাকা। এই অবস্থায় ভাগ্যের চাকা ঘোরাতে ১৯৯৮ সালে চলে যান সিঙ্গাপুরে। দিনে ১০-১২ ঘণ্টা কঠোর পরিশ্রম করতেন সেখানে। ভাবলেন, এমন হাড়ভাঙা পরিশ্রম নিজের খেতে করলেই এর দ্বিগুণ আয় সম্ভব। বছর তিনেকের মধ্যে দেশে ফিরে আসেন। নিজের দুই বিঘা জমি ছিল। শুরু করলেন ফুল চাষ।
বাতেন জানালেন, এখন নিজের পাঁচ বিঘা ও ইজারা নেওয়া মিলিয়ে ৫০ বিঘা জমিতে ফুল চাষ করছেন। তাঁর খেতে কাজ করেন ৪০-৫০ জন শ্রমিক। সব খরচ বাদে বছরে চার-পাঁচ লাখ টাকা লাভ থাকে। বাড়িতে নতুন ঘর করেছেন। চাষের জন্য ট্রাক্টর কিনেছেন, সেচযন্ত্র বসিয়েছেন। ঢাকার যাত্রাবাড়ীতে দোকান কিনেছেন। এলপি গ্যাস বিক্রির এজেন্সি নিয়েছেন। ফুল সরবরাহের জন্য একটি ট্রাকও কিনেছেন। এখন তিনি রাজধানীর শাহবাগের ফুলের বাজার ছাড়াও চট্টগ্রাম, সিলেটে ফুল সরবরাহ করেন। তবে এর জন্য একটি বেসরকারি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণও নিতে হয়েছে তাঁকে। বাতেন বললেন, এখন টিউলিপ ফুল চাষের সম্ভাব্যতা যাচাই করতে নেদারল্যান্ডসে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন বলেন, ঢাকার খুব কাছের এলাকা হওয়ায় দ্রুত শাহবাগের বাজারে টাটকা ফুল সরবরাহ করা যায়। আর অন্য ফসলের তুলনায় অন্তত দু-তিন গুণ বেশি লাভ হওয়ায় উপজেলার অনেক কৃষক ফুল চাষে আগ্রহী হচ্ছেন।
কথা হয় দিঘলদী এলাকার পরান মণ্ডলের সঙ্গে। ১৭ বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে শুরু করেন ফুল চাষ। বর্তমানে তিনি নয় বিঘা জমি ইজারা (পত্তন) নিয়ে ফুল চাষ করছেন। ফুল বিক্রি করেন নারায়ণগঞ্জ ক্লাবের পাশে। আয় থেকে ৯ শতাংশ জমি ও দুটি গাভি কিনেছেন। মাছ চাষ করছেন দুটি পুকুরে। প্রতিদিন দুটি গরুর ২০ লিটার দুধ পান। নিয়মিত দুধও বিক্রি করছেন তিনি।
দিঘলদীর বিধু হালদারসহ ক্ষুদ্র ফুলচাষিরা জানান, অসম্ভব পরিশ্রম ফুল চাষে। ভোররাতে উঠে ফুল তুলতে হয়। সকাল ছয়টার মধ্যে নিয়ে যেতে হয় বাজারে। বাজার থেকে ফিরে ছুটতে হয় বাগানের পরিচর্যায়। বড় চাষিদের মধ্যে আবদুল বাতেন ও নকুল চন্দ্র বললেন, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ঘুম থেকে উঠে ট্রাকে ফুল নিয়ে শাহবাগের পথে রওনা দেন। বিক্রি, পাওনা টাকা আদায় শেষে বাড়ি ফিরতে দুপুর হয়ে যায়। খেয়েদেয়ে নেমে পড়েন বাগানে। দুজনই বললেন, ২৪ ঘণ্টায় তাঁরা বড়জোর চার-পাঁচ ঘণ্টা ঘুমাতে পারেন। এর মধ্যে ঘণ্টা খানেক ঘুমান যাতায়াতের পথে ট্রাকের মধ্যে।
নারায়ণগঞ্জ ক্লাবের পাশে প্রতিদিন বসে ফুলের বাজার। এখানকার ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি শুভ রঞ্জন আইচ বলেন, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। বন্দর উপজেলার প্রায় ১০০ চাষি এখানে ফুল বিক্রি করেন। বেশির ভাগই কলাগাছিয়া ইউনিয়নের। এ ছাড়া কালীর বাজার, নিমতলা মন্দিরের সামনে, লক্ষ্মীনারায়ণ আখড়ার কাছেও ফুল বিক্রি হয়।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, তাঁর ইউনিয়নে প্রায় আড়াই শ ফুলচাষি আছেন। বাগানে শ্রমিকের কাজ করা, মালা গাঁথা, ফুল পরিবহনসহ বিভিন্নভাবে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ এখন ফুল চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। তাঁর ইউনিয়নের প্রায় ৯৫ ভাগ বাড়িতে কোনো না কোনো ফুলগাছ আছে বলে জানান তিনি।