মাঠ, শিশুপার্ক উন্মুক্ত রাখতে মানববন্ধন
খুলনা নগরের পরিবেশ সুরক্ষায় শিশুদের পার্ক, খেলার মাঠসহ সব উদ্যান উন্মুক্ত রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
গতকাল শনিবার দুপুরে নগরের পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নগরের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার বিকাশে একটি করে মাঠ ও শিশু বিকাশ কেন্দ্র গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেলার মাঠে, শিশুদের পার্কে কোনো প্রকার মেলা, সভা ও সমাবেশের অনুমতি না দেওয়ারও অনুরোধ জানানো হয়।
‘জনউদ্যোগ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে খুলনার সার্কিট হাউস ময়দান, মুজগুন্নী খেলার ময়দানসহ স্কুলের খেলার মাঠগুলো শিশু-কিশোর, তরুণ-যুবক উন্মুক্তভাবে ব্যবহার করে আসছিল। কিন্তু কিছু মহল নিজ স্বার্থে এই মাঠগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের চক্রান্তকে প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সংগঠনের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় জনউদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর আলী আকবর, কৃষক লীগ নেতা শ্যামল সিংহ রায়, নারীনেত্রী অলোকানন্দা দাস প্রমুখ।