মাঠ হবে সবুজ, শ্মশানে চুল্লি

কয়েক শ শিশু-কিশোর ফুটবল কিংবা ক্রিকেট খেলায় মেতে আছে। কেউ ব্যস্ত ঘুড়ি ওড়াতে। নিছক ঘোরাঘুরিতে সময় পার করছে অনেকে।
ঘনবসতিপূর্ণ লালবাগ ও আশপাশের এলাকার শিশু–কিশোরদের কাছে লালবাগ–কামরাঙ্গীরচর শ্মশানসংলগ্ন এই খেলার মাঠটি দেয়ালবন্দী রাজধানীর প্রেক্ষাপটে স্বাধীনতার বিরল একটি ক্ষেত্র। মাঠটিতে প্রতিদিন কয়েক শ শিশু–কিশোর খেলাধুলায় মেতে ওঠার সুযোগ পায়। এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘জল–সবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় সংস্কার কার্যক্রমে মাঠটির খোলনলচে আমূল বদলে যাচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংস্কার শেষ হলে মাঠটি হয়ে উঠবে আরও বেশি ক্রীড়াবান্ধব। বড় আকারের ফুটবল মাঠের পাশাপাশি থাকবে ক্রিকেট খেলার পিচ। অপেক্ষাকৃত ছোটদের জন্য মাঠের পাশেই তৈরি করা হবে আলাদা পার্ক। থাকবে উন্মুক্ত গ্রন্থাগার, চওড়া পায়ে হাঁটার পথ ও বিশ্রামকক্ষ। সেই সঙ্গে মাঠসংলগ্ন শ্মশানে বসবে বৈদ্যুতিক চুল্লি। সংস্কারের মাধ্যমে ঢেলে সাজানো হবে পাশের মজাপুকুর, মন্দির ও মাজারটি। এ সবকিছুর সঙ্গে যোগ হবে আকাশমনি, কড়াই ও কাঠবাদামের মতো ছায়াপ্রদায়ী এবং ফলদ বৃক্ষের সমাবেশ।
মাঠ এবং সংলগ্ন শ্মশান, মন্দির, মাজার ও পুকুর মিলিয়ে এই সংস্কার কার্যক্রমের নতুন নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান সাতত্য। নকশা অনুসারে অবকাঠামো নির্মাণের বিষয়গুলো তদারক করছে প্রকৌশল প্রতিষ্ঠান জেপিজেড। লালবাগের রাজনারায়ণ ধর রোডে অবস্থিত প্রায় তিন বিঘা আয়তনের এই মাঠটির পাশে আছে একটা বড় আবাসিক এলাকা। মাঠের মূল ফটকের পাশেই লালবাগ সরকারি মডেল স্কুল। এক পাশে ডোম কলোনি, মন্দির, শ্মশান ও মাজার। নতুন নকশার বিষয়ে সাতত্যের পক্ষ থেকে বলা হয়, চারপাশের উঁচু সীমানা দেয়ালের কারণে মাঠটি এলাকাবাসীর কাছ থেকে প্রায় বিযুক্ত ছিল। তাই সংস্কারের প্রথম পর্যায়েই সীমানা দেয়াল তুলে দিয়ে আশপাশের মানুষ ও অন্যান্য স্থাপনার সঙ্গে মাঠটির একটা সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, মাঠের তিন পাশের সীমানা দেয়াল নেই। একাংশে চলছে পানি নিষ্কাশনের নালা তৈরির কাজ। ভর দুপুরেই মাঠে অনেক শিশু–কিশোরের আনাগোনা। ছোট ছোট দলে ভাগ হয়ে প্রত্যেকে ক্রিকেট খেলায় মগ্ন। জেপিজেডের প্রকৌশলী সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গত মে মাসে কাজ শুরু হওয়েছে। প্রথম পর্যায়ে কেবল মাঠ উন্নয়নের কাজ করা হবে। আগামী ডিসেম্বর নাগাদ শেষ হবে। এখন প্রথমে মাঠের চারপাশে পানিনিষ্কাশনের গভীর নালা নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে মাঠটি বিদ্যমান অবস্থা থেকে অন্তত আড়াই ফুট উঁচু করা হবে। যাতে মাঠের জলাবদ্ধতার সমস্যার একটা স্থায়ী সমাধান হয়। দ্বিতীয় ধাপে সংলগ্ন মন্দির, শ্মশান, পুকুর ও মাজার সংস্কার করা হবে।
কথা হয় মাঠের উত্তর পাশের আবাসিক এলাকার বাসিন্দা আকবর হোসেনের সঙ্গে। তিনি বলেন, যেভাবে নকশা করা হয়েছে, তাতে শিশু–কিশোরদের পাশাপাশি মাঠটি এলাকার সব শ্রেণি ও বয়সের বাসিন্দাদের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। এটা সবচেয়ে ইতিবাচক দিক। এ ছাড়া এর আওতায় মাঠসংলগ্ন শ্মশানটি আধুনিকায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই প্রশংসার দাবি রাখে।
সাতত্যের পক্ষ থেকে বলা হয়, সংস্কারের দ্বিতীয় ধাপে শ্মশানে একটা আধুনিক বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। এতে শব দাহ করার সময়ে ধোঁয়ার কারণে যে সমস্যা তৈরি হতো, তার নিরসন হবে। পুকুরটির পানি যেন ব্যবহারের উপযোগী হয়, সেভাবে সংস্কার করা হবে।
সাতত্যের প্রধান স্থপতি রফিক আজম বলেন, ‘এই মাঠের কাছাকাছি দূরত্বে গড়ে ওঠা শ্মশান, মন্দির ও মাজার দেখে বোঝা যায় অনেক দিন থেকেই এখানে দুটি ভিন্ন ধর্মের মানুষের চমৎকার সহাবস্থান আছে। মাঠের নতুন নকশায় এই স্থাপনাগুলোকে যুক্ত করে তাঁদের ধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার বিষয়টিকে সম্মান জানাতে চেয়েছি। সবাই বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন।’