মাঠকর্মীদের ইপিআই বন্ধ করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধির বাস্তবায়ন ও অষ্টম বেতন কমিশনে ন্যূনতম সিলেকশন গ্রেড দেওয়ার ব্যবস্থাসহ ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী অ্যাসোসিয়েশন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১১ অক্টোবরের মধ্যেই সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। না হলে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার অস্থায়ী রুটিন টিকাদান কেন্দ্রের ইপিআই কর্মসূচি তারা বন্ধ করে দেবে।
অ্যাসোসিয়েশনের অন্য দাবিগুলো হচ্ছে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া, নাম অপরিবর্তিত রেখে স্বাস্থ্য পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া, স্বাস্থ্য পরিদর্শক থেকে পদায়নকৃত জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক নিয়মিত করা ও মাঠপর্যায়ে জনসংখ্যার অনুপাতে পদ সৃষ্টি। বিজ্ঞপ্তি।