মাঠকে মাঠ বোরো ধানে 'ব্লাস্ট', কৃষক দিশেহারা
যশোরের কেশবপুর উপজেলায় বোরো ধানের আবাদে ব্যাপক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। পাকার আগ মুহূর্তে এভাবে ধানখেত নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ বলছে, এটা ‘নেক ব্লাস্ট’ রোগ।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা প্রথম আলোকে বলেন, ‘নেক ব্লাস্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দুই মাস ধরে কৃষক পর্যায়ে সভা করছি। লিফলেট বিতরণ করে কৃষকদের মাঝে করণীয় তুলে ধরছি। মসজিদে নামাজের পরে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।’ এ ছত্রাক থেকে রক্ষা পেতে নাটিভো, ফিলিয়া, ব্লাস্টিন, টাটাভোজাতীয় ছত্রাকনাশক ধানখেতে ছিটানোর পরামর্শ দেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বলছে, এ বছর কেশবপুরে ১৫ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তবে নেক ব্লাস্ট উপজেলার খুব বেশি ধানখেতকে ক্ষতি করতে পারেনি বলে দাবি কার্যালয়ের। তাদের হিসাবমতে, কেশবপুরে মাত্রা ৫১ হেক্টর জমিতে এ ছত্রাকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
তবে ২ এপ্রিল কেশবপুরের আলতাপোল, ভোগতী ও মূলগ্রাম এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ ব্লাস্টে আক্রান্ত ধানখেত সোনালি আকার ধারণ করেছে। অথচ এ সময়টা ধানখেত সবুজ থাকার কথা। আক্রান্ত ধান চিটা হয়ে গেছে। গাছগুলো আগাম কেটে ফেলছে, পশুখাদ্য বানাতে।
ভোগতী এলাকার কৃষক বেলায়েত আলী সরদার বলেন, তিনি ৩৪ শতক জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ব্লাস্ট আক্রান্ত হয়ে পুরো খেত নষ্ট হয়ে গেছে। কোনো ওষুধ দিয়েই লাভ হয়নি।
মূলগ্রামের কৃষক আবদুল মজিদ মোল্লা বলেন, ‘আমার চার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। কত চেষ্টা করলাম। কিছুতেই লাভ হলো না।’
কৃষকেরা বলছেন, দানা পুষ্ট হওয়ার আগমুহূর্তে ধানগাছের ডগা সোনালি হয়ে যাচ্ছে। এ ছত্রাক দ্রুত ছড়াচ্ছে বলে ওষুধ দিয়েও উপকার হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সব এলাকাতেই নেক ব্লাস্ট ছড়িয়ে পড়েছে। উপজেলার ময়নাপুর গ্রামের অরুণ মণ্ডল বলেন, তাঁদের এলাকার পাশাপাশি কেশবপুরের সবচেয়ে বড় বিল খুকশিয়া এলাকার ধানখেতেও এ ছত্রাক দেখা দিয়েছে। বিআর–২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ বেশি দেখা দিয়েছে।
কৃষকেরা বলছেন, গত বছরের জলাবদ্ধতায় উপজেলার অনেক এলাকায় আমন ধান নষ্ট হয়ে যায়। এবার বোরো চাষেও মার খেলে তাঁদের বাঁচার উপায় থাকবে না। বিশেষ করে প্রান্তিক যেসব চাষি জমি বর্গা নিয়ে ও ধারদেনা করে ধানের চাষ করেছেন, তাঁরা বিপাকে পড়বেন।
মূলগ্রামের প্রান্তিক চাষি বারিক মোল্লা বলেন, ‘আমি তিন বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি। পুরো খেতই নষ্ট হয়ে গেছে। জমির মালিককে আট মণ ধান দেওয়ার কথা। ধান চাষ করতে ধারদেনা করেছি। এখন সেই টাকা শোধ দেব কীভাবে, আর জমির মালিকের ধান দেব কীভাবে?’
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইব্রাহীম প্রথম আলোকে বলেন, রাতে শীত আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও কুয়াশার কারণে এ ছত্রাকের প্রাদুর্ভাব বেশি হয়। বাতাসের সঙ্গেও ব্লাস্ট ছড়াতে পারে। এ কারণে কৃষকদের ছত্রাকে আক্রান্ত হওয়ার আগেই খেতে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।