মাঠজুড়ে গ্রামাঞ্চলের খেলাধুলার উৎসব
এককালে গ্রামাঞ্চলে যে খেলাগুলো জনপ্রিয় ছিল, বর্তমানে সেগুলো হারিয়ে যেতে বসেছে। সেসব খেলাকে তুলে ধরতে গত বুধবার দিনাজপুর গোর এ শহীদ ময়দানে আয়োজন করা হয় দিনব্যাপী খেলাধুলার আসর।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এসব খেলার আয়োজন করে।
দিনাজপুর বড় ময়দানে প্রতিযোগিতায় হাডুডু, এক্কা-দোক্কা, দাঁড়িয়াবান্ধা, মোরগযুদ্ধ, কাবাডি, ঘোড়দৌড় খেলা স্থান পায়। হাজারো দর্শক খেলাগুলো উপভোগ করেন। এর আগে বুধবার সকালে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করা হয়। এরপর ঘোড়ার গাড়িতে চড়ে মাঠ প্রদক্ষিণের সময় দিনাজপুর উদীচীর শিল্পীরা জাতীয় ক্রীড়া সংগীত পরিবেশন করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার, সান পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান লুৎফুল কবির বকুল।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার জানান, এককালে বাংলার গ্রাম-গঞ্জে জনপ্রিয় যেসব খেলা কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে, সেই খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তুলতে এই আয়োজন করা হয়েছে। সবার মাঝে এসব খেলা ছড়িয়ে দিতে আয়োজনের শিরোনাম ‘স্পোর্টস ফর অল’ দেওয়া হয়েছে বলে তিনি জানান।