মাঠজুড়ে পাকা ধান তবুও কৃষক শঙ্কিত
শ্রমিক সংকটের কারণে রাজবাড়ীতে অনেক কৃষক ধান কাটাতে পারছেন না। বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। মাঠের পর মাঠজুড়ে পাকা ধান কাটা এবং পাটখেতে নিড়ানি দেওয়া দরকার। লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর ফলন বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা দিলেও শ্রমিকের অভাবে সময়মতো ধান কাটতে না পারায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন তাঁরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় লক্ষ্যমাত্রার বেশি অর্থাৎ ১৯ হাজার ৫৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বৃহস্পতিবার গোয়ালন্দের উজানচর নতুন পাড়ায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠজুড়ে পাকা ধান। শ্রমিকের অভাবে কেউ কেউ নিজে সন্তানদের নিয়ে ধান কাটায় নেমে পড়েছেন। এলাকার কৃষক শহিদ বিশ্বাস (৪০) বলেন, ধান কাটতে অনেক চেষ্টায় সাতজনের জায়গায় মাত্র তিনজন শ্রমিক পেয়েছি। তাঁদের প্রত্যেককে প্রতিদিন ৪০০ টাকা মজুরি ও একবেলা খাবার দিতে হবে। এত মজুরি দিয়ে পোষায় না। তাই বাধ্য হয়েই কৃষিকাজ ছেড়ে দিতে হবে। রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার কৃষক আবদুল মান্নান বলেন, তিনি প্রায় ১৬ বিঘা জমিতে ধান চাষ করেছেন। সব ধান পেকেছে। কিন্তু শ্রমিকের অভাবে এ যাবৎ এক-চতুর্থাংশ জমির ধানও কাটতে পারেননি। এখন বৃষ্টির সময়। যেকোনো সময় ঝড়ে পাকা ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি দুশ্চিন্তায় আছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক জয়নুল আবেদীন বলেন, এ বছর জেলায়বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৪ হাজার ১১ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। একদিকে যেমন মাঠের সব ধান পেকে গেছে, পাশাপাশি পাটখেতের আগাছা তোলারও সময় হয়েছে। কৃষিকাজ ছেড়ে অনেকে শহরমুখী হওয়া শ্রমিকসংকটের অন্যতম প্রধান কারণ।