মাঠজুড়ে পাখির মরণফাঁদ
ফসল রক্ষা করতে ঝিনাইদহের কয়েক শ হেক্টর জমিতে কারেন্ট জাল পেতে পাখি নিধন করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও যশোরের অভয়নগর উপজেলার ফসলের মাঠ ও বিলে প্রতিদিন অবাধে হাজার হাজার দেশি পাখি শিকার করে বাজারে বিক্রি করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও এ দুই স্থানে বিষটোপ দিয়ে এবং ফাঁদ পেতে এসব পাখির প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। এতে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি পাখি এবং এ কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: জেলার বিভিন্ন উপজেলায় কৃষকেরা তাদের সবজিখেতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করছে। প্রতিদিন এ জালে আটকা পড়ে ফিঙে, শালিক, বাবুই, ঘুঘু, বাদুড়সহ নানা প্রজাতির পাখি মারা যাচ্ছে। সবজি-চাষিরা বলছে, তাদের বেগুন, শিমসহ নানা সবজি পাখি ছিদ্র করে নষ্ট করে। এ জন্য ফসল রক্ষায় তারা খেতে কারেন্ট জাল পাতছে।ঝিনাইদহ কৃষি বিভাগের শস্য বিশেষজ্ঞ হরিবুল্লাহ সরকার জানান, জেলায় এ বছর ১১ হাজার ১০৮ হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ জমিতে কারেন্ট জাল পাতা হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলার জাবরহাট, দৌলতপুর; সেনগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠসহ বহরা, বড়বাড়ি, টেপরী, ভাকুড়া, জিয়াল, কেউটগাঁও, গোগরের রণতা, গোগর, জলুই, রণতার, ডহরা, মাছিলা, বৈরচুুনাসহ বিভিন্ন বিল এবং গম ও অন্যান্য ফসলের খেত থেকে প্রতিদিন হাজার হাজার পাখি নিধন করা হচ্ছে। গমখেতে প্রথম ও দ্বিতীয় দফায় সেচের দরকার হয়। সেচ দেওয়ার পর খেতের পোকাগুলো ওপরে উঠে আসে। ওই পোকা খাওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি খেতে নেমে আসে। শিকারিরা এ সুযোগ কাজে লাগিয়ে এদের শিকার করছে। তারা দেরকা, কাচকি, পুঁটিসহ বিভিন্ন প্রকার ছোট মাছের সঙ্গে বিষ মেখে বিষটোপ বানায় এবং সেচ দেওয়া শেষ হলেই এগুলো খেতে ছিটিয়ে দেয়। এ সময় ঝাঁকবেঁধে আসা বাগরা, ছেউটিয়া, শালিকসহ বিভিন্ন জাতের দেশি পাখি খেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছ দেখতে পেয়েই খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর ছটছট করতে করতে মারা যায়। শিকারিরা পরে এগুলো বিক্রি করে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিরউদ্দীন বলেন, পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ব্যাহত হচ্ছে সমন্বিত বালাই দমন কার্যক্রম।অভয়নগর (যশোর): উপজেলার বিল ঝিকরায় জাল পেতে প্রতিদিন শিকার করা হচ্ছে কয়েক শ দেশি পাখি। এসব জালে বক, শালিক, গো-শালিক, ফিঙে, মাছরাঙা ও কবুতর আটকে থাকে। জেলা শহরের হোটেলগুলোয় এসব পাখি সরবরাহ করা হয়। বক ও কবুতর প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা এবং শালিক, গো-শালিক ও ফিঙে ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করা হয়।অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পল্লব কুমার দত্ত বলেন, পাখি শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।