রাজবাড়ী জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন মাঠপর্যায়ে ছড়িয়ে পড়েছে। এর জের ধরে গোয়ালন্দ উপজেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা পরস্পরকে বহিষ্কার, পাল্টা বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করছেন। আলাদাভাবে পালন করছেন দলীয় কর্মসূচি। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলে দলীয় নেতা-কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সমর্থিত উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সহসভাপতি আসলাম মিয়া ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পক্ষের নেতা মঞ্জুর আহমেদকে বহিষ্কার করা হয়। পরদিন মঞ্জুর আহমেদ পাল্টা সংবাদ সমেঞ্চলন করে উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম মোস্তফা ও পৌর বিএনপির সভাপতি রেজাউল হাসানসহ তাঁদের সমর্থিত নেতা-কর্মীদের বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক নঈম আনছারী ২০১০ সালের সেপ্টেম্বরে গোলাম মোস্তফাকে উপজেলা বিএনপির সভাপতি ও নিজাম উদ্দিন শেখকে সাধারণ সম্পাদক এবং রেজাউল হাসানকে পৌর বিএনপির সভাপতি ও আবুল কাসেমকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে ১০১ সদস্যের পৃথক দুটি কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটিতে জমা দেন। জেলা আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক কেন্দ্রে একটি পাল্টা কমিটি অনুমোদনের জন্য জমা দেন। এতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মঞ্জুর আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ দেওয়ান এবং পৌর বিএনপির সভাপতি কাইয়ুম মোল্যা ও সাধারণ সম্পাদক হিসেবে বদর উদ্দিনের নাম প্রস্তাব করা হয়।
পরবর্তী সময়ে দুই পক্ষই পৃথক কমিটি গঠন করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। সেই থেকে উভয় পক্ষ নিজেদের মূল ধারার কমিটি দাবি করে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছে। ১ সেপ্টেম্বর বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা পৃথকভাবে পালন করেছে। দলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, এমন অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে এবং রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনটি ফিরে পেতে বেগ পেতে হবে।
বিগত কয়েকটি জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, রাজবাড়ী সদরে বিএনপির প্রার্থী ভালো করলেও গোয়ালন্দ উপজেলায় পিছিয়ে থাকে। এই অবস্থায় গোয়ালন্দে যে দলের প্রার্থী ভালো করেন, তিনি বরাবর নির্বাচনে জয়ী জন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী নির্বাচিত হন। কিন্তু গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম মোস্তফা দাবি করেন, ‘জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্র আমাদের কমিটি অনুমোদন করেছে। সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় আমরা মঞ্জুর আহমেদকে বহিষ্কার করেছি।’ মঞ্জুর আহমেদ দাবি করেন, ‘গত ২৮ আগস্ট জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ আমাদের কমিটির অনুমোদন করেছেন। আমাদের কমিটিই বৈধ বরং তাঁদের (গোলাম মোস্তফা) কমিটির মেয়াদ নেই। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
জেলা বিএনপির সহসভাপতি আসলাম মিয়া জানান, ‘আমরা বিএনপির মূলধারার রাজনীতি করি। আর খৈয়ামরা সংস্কারপন্থী হিসেবে পরিচিত। সে কারণে গোয়ালন্দে দুই গ্রুপের সৃষ্টি হয়েছে। তবে আগামী নির্বাচনে ম্যাডাম (খালেদা জিয়া) যাঁকে মনোনয়ন দেবেন, আমরা তাঁর পক্ষে কাজ করব।’
জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, দলের মধ্যে উল্লেখযোগ্য কোন্দল নেই। তবে বড় দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। সাধারণ সম্পাদক কোনো কমিটির অনুমোদন দিতে পারেন না। ওই পক্ষই দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তবে আগামী নির্বাচনে তাঁরা দলীয় প্রার্থীর পক্ষে একত্র হয়ে কাজ করবেন।