আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মাঠপর্যায়ে সাংগঠনিক সফরের তাগিদ দিলেন তৃণমূল নেতারা। তাঁরা বলেন, সরকারের উন্নয়ন প্রচার
এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যকরের জন্য সারা দেশে ব্যাপক গণসংযোগ দরকার। তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই মতবিনিময় সভায় কুমিল্লা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম মহানগর, পাবনা এবং রংপুর জেলা ও উপজেলা, প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকেরা নিজ এলাকার সাংগঠনিক বিষয় তুলে ধরেন।
নেতারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে তিনজন সম্ভাব্য প্রার্থীর জন্য নির্ধারিত ১০টি প্রশ্নের উত্তর দেন।
সূচনা বক্তব্য: সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, নির্বাচনী ইশতেহারে ছিল উপজেলা পর্যন্ত ডিজিটাল করা। কিন্তু বর্তমান সরকার ইউনিয়ন পর্যায়েও তথ্য সেবাকেন্দ্র চালু করেছে। কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেছে। দরিদ্র মানুষ বিনা পয়সায় স্বাস্থ্যসেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে দেশের জনগণ ভোট দেবে। কারণ, আওয়ামী লীগের শাসনামলে জঙ্গিবাদ দূর হয়েছে, পাসের হার বেড়েছে, সাক্ষরতার হার বেড়েছে, শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে। আবার বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ এসব সুবিধা থেকে বঞ্চিত হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির এক নেতা তো বলেই দিয়েছে, তারা ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিকে তাদের আগের সেই ছাগল প্রজেক্ট চালু করবে।’
তৃণমূল নেতাদের মত: বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বৈঠকে চট্টগ্রামের নেতারা মহিউদ্দিন চৌধুরীর প্রশংসা করে বলেন, এখন মেয়র নির্বাচন হলে তিনি জিতবেন। দলীয় কোন্দলে তিনি হেরেছেন।
রংপুরের নেতারা আগামী নির্বাচনে মহাজোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁরা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে রংপুর থেকে প্রার্থী করার দাবি জানান। জবাবে শেখ হাসিনা আগামী নির্বাচনে মহাজোট থাকবে বলে জানান। তিনি বলেন, রংপুর ৫ ও ৬ আসন ছাড়া অন্য চারটিতে মহাজোটের প্রার্থীরা নির্বাচন করবেন।
সূত্র জানায়, পাবনা-২ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সম্পর্কে স্থানীয় নেতারা বলেন, উনি ভালো মানুষ। এলাকায় ভালো কাজ করেছেন। কিন্তু বয়সের কারণে তিনি জনগণের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখতে পারছেন না। পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন সম্পর্কে তাঁর নির্বাচনী এলাকার নেতারা বলেন, তিনি দল ও জনগণকে নিয়ে কাজ করেন না। কুমিল্লা-৪ আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা সম্পর্কে বলা হয়, তাঁর বয়স হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারেন না। কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী সম্পর্কে একজন অভিযোগ করেন, তিনি একটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ১৪৪ ধারা দিয়ে ভন্ডুল করে দেন।