মাঠপর্যায়ে কাজ করার লক্ষ্যে ‘নাগরিক ঐক্যের’ আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করতে ‘নাগরিক ঐক্য’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ১৮২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। তিনি নিজে সংগঠনের আহ্বায়ক। আর সদস্যসচিব করা হয় ক্যাপ্টেন (অব.) এম এ জব্বারকে।এ ছাড়া নাগরিক ঐক্যের তিন সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান করা হয় প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে। বাকি দুজন হলেন: বামপন্থী রাজনীতিক আবদুল্লাহ সরকার ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম।এর আগে প্রবীণ আইনজীবী রফিক-উল হককে আহ্বায়ক ও মাহমুদুর রহমান মান্নাকে সদস্যসচিব করে ‘নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছিল। ১ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘নাগরিক আন্দোলনের’ এক সমাবেশে ‘নাগরিক ঐক্য’ করার ঘোষণা দেওয়া হয়। ওই সমাবেশে বলা হয়, ‘নাগরিক আন্দোলন’ বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করবে, আর ‘নাগরিক ঐক্য’ নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে সক্রিয়ভাবে অংশ নেবে।গতকাল সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের ঘোষণাপত্রে আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলা হয়, দুই দলের ক্ষমতার কামড়া-কামড়ি দেশকে গভীর আশঙ্কার মুখে ফেলে দিয়েছে।ঘোষণাপত্র পড়েন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ কিংবা বিএনপির বিরুদ্ধে নই। কিন্তু দুই দলের নেতাদের আচরণ ও উচ্চারণে তাঁরা ছোট হতে হতে জনগণের হাঁটুর নিচে চলে যান। তখনই সংবিধান-বহির্ভূত শক্তির ক্ষমতার দখলের ক্ষেত্র তৈরি হয়।’ঘোষণাপত্রে বলা হয়, ‘দেশে সর্বত্র নাগরিক ঐক্যের ব্যানারে সচেতন মানুষগুলোকে সংগঠিত করে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠায় জনকল্যাণকর সব কাজে আমরা নিজেদের নিয়োজিত করব। পর্যায়ক্রমে নাগরিক ঐক্য বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত করা হবে। রোজার পর ঢাকায় বৃহত্তর নাগরিক সমাবেশ ডাকা হবে।’নাগরিক ঐক্য ক্ষমতার সম্ভাব্য তৃতীয় শক্তি কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এবিএম মূসা বলেন, এটা ক্ষমতা দখলের চেষ্টা নয়। যাঁরা দেশ চালান, তাঁদের সৎপথে থেকে দেশ চালানোর জন্য ওয়াচডগের দায়িত্ব পালন করবে নাগরিক ঐক্য। তিনি বলেন, ‘আমি নাগরিক ঐক্যের অন্তর্নিহিত উদ্দেশ্য সম্পর্কে জানি না। তবে আওয়ামী লীগ-বিএনপির বাইরে একটা তৃতীয় শক্তি আছে। সে তৃতীয় শক্তি হচ্ছে জনগণ। তাদের সংগঠিত করার জন্যই এ নাগরিক ঐক্য।’