উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর টানাপোড়েন বেড়েছে। আজ তৃতীয় ধাপের ৮১টি উপজেলার এক-চতুর্থাংশে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির প্রতিপক্ষ হিসেবে আছেন জামায়াত-সমর্থিত প্রার্থীরা।
এই ৮১টি উপজেলার ৭৯টিতে দল-সমর্থিত প্রার্থী দিয়েছে বিএনপি। আর ২৪টিতে প্রার্থী সমর্থন দিয়েছে জামায়াত। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও নওগাঁর ধামইরহাট—এ দুটি উপজেলায় বিএনপি প্রার্থী দেয়নি।
বিএনপির উপজেলা নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত একাধিক দায়িত্বশীল নেতা জানান, তৃতীয় ধাপের নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থীদের ফেরাতে নানাভাবে চেষ্টা-তদবির করা হয়। বিশেষ করে ফরিদপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতকে নির্বাচন থেকে সরাতে আপ্রাণ চেষ্টা চালানো হয়। কিন্তু তাতে ফল হয়নি।
বিষয়টি স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, দিনাজপুর সদরে জামায়াতের কোনো অবস্থান নেই। তার পরও তারা প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। তারা ১৯ দলের ‘স্পিরিটটা’ দেখছে না। এটি মাঠ পর্যায়ে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সূত্র জানায়, সিলেট বিভাগে জামায়াতের সঙ্গে সমঝোতা না হওয়ায় বিএনপির প্রার্থীদের বেকায়দায় পড়তে হচ্ছে। এখানে কিছু কিছু এলাকায় জামায়াতেরও ভালো অবস্থান আছে। এ কারণে শেষ মুহূর্তে এসে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। তবে গতকাল পর্যন্ত এ উপজেলায় বিএনপির দলীয় দুই প্রার্থী আলী আহম্মেদ এবং এ টি এম ফয়েজ সরে দাঁড়াননি। জামায়াত-সমর্থিত বর্তমান চেয়ারম্যান লোকমান আহমাদ এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
অবশ্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থেকে যাওয়ায় দুই প্রার্থী সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম ফয়েজকে গত বুধবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জামায়াতের প্রার্থীর জন্য দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় বিএনপিতে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
এদিকে উপজেলা নির্বাচনে জামায়াতের এ ধরনের ভূমিকায় বিএনপির নীতিনির্ধারণী পর্যায়েও অস্বস্তি তৈরি হয়েছে। আলাপকালে বিএনপির একজন যুগ্ম মহাসচিব এই প্রতিবেদককে বলেন, জামায়াত নিজেদের স্বার্থের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না। যেখানে তাদের সামান্যতম সমর্থন আছে, সেখানেই তারা প্রার্থী দিয়েছে। যদিও এর জন্য স্থানীয় নেতাদের মতবিরোধকে দায়ী করেন জামায়াতের নেতারা।
কুড়িগ্রাম জেলা জামায়াতের দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতের জেলা আমির আজিজুর রহমান সরকার প্রার্থী হয়েছিলেন। তাঁকে ঠেকাতে সেখানে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা ও সাবেক সাংসদ দলের প্রার্থী দেন। নির্বাচনে তিনি তৃতীয় হন। এর বদলা নিতে এখন জামায়াত সদরে প্রার্থী দিয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের, তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রার্থী সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সমঝোতা হয়েছে, অনেক জায়গায় হয়নি। সমন্বয় হলে ফলাফল আরও ভালো হতো।’
জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের চেয়ে জামায়াত বেশি মনোযোগী ভাইস চেয়ারম্যান পদের দিকে। তৃতীয় ধাপের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজনকে সমর্থন দিয়েছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, বিএনপির নীতিনির্ধারকদের বিবেচনায় নিতে হবে যে জামায়াত মাত্র ২৪টি উপজেলায় প্রার্থী দিয়েছে। এর মধ্যে মাত্র দুটিতে বিএনপির প্রার্থী নেই।
প্রথম ও দ্বিতীয় পর্বে জামায়াত-সমর্থিত ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হন। ওই দুই পর্বে মহিলা-পুরুষ মিলিয়ে দলটির ৭৭ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপেও জয়ের ধারা বজায় রাখতে দলটি স্থানীয়ভাবে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে মাঠে তৎপর রয়েছে বলে দলীয় সূত্রগুলো জানায়।
এদিকে প্রথম দুই ধাপে বিএনপি চেয়ারম্যান পদ পেয়েছে ৯৪টি এবং আওয়ামী লীগ পেয়েছে ৭৮। আর দুই শ্রেণীর ভাইস চেয়ারম্যান পদে ১৭১টি বিএনপি এবং ১২৯টি পেয়েছে আওয়ামী লীগ।