মাঠপর্যায়েও শিক্ষা প্রশাসন দুর্নীতিমুক্ত করার প্রত্যয় মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তরে নয়, মাঠপর্যায়েও গতিশীল ও দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন নিশ্চিত করতে হবে। জোরদার করতে হবে তদারকব্যবস্থা।গতকাল বুধবার ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে ‘সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড (এসইএসপি)’ প্রকল্প আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শিক্ষা অধিদপ্তরের বর্তমান নেতিবাচক ভাবমূর্তি আগামী ডিসেম্বর মাসের মধ্যে পরিবর্তন করে ইতিবাচক পর্যায়ে উন্নীত করতে হবে। জেলা-উপজেলা শিক্ষা কার্যালয়কেও দুর্নীতিমুক্ত হতে হবে।শিক্ষা খাতে বর্তমান সরকারের সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর প্রতিটি কাজে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী বছরের পাঠ্যবই এবার সরাসরি উপজেলা শিক্ষা অফিস বরাবর পাঠানো শুরু করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এটলাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট দীপক মুকাশি, এসইএসপির পরিচালক আফজাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক সিরাজুল হক, ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার নাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।