মাঠপর্যায়ের ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মাঠপর্যায়ের ১৩ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে অপর তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দলের এক বিজ্ঞপ্তিতে ১৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন, ময়মনসিংহ উত্তর জেলার পুরাকান্ডলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, ধোবাউড়া উপজেলার যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাবুল, সহসাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক, বরিশাল উত্তর জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন, সহসভাপতি আসাদ মাহমুদ, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ক্যাপ্টেন (অব.) সালাহউদ্দিন আহমেদ, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম জিয়াউর রহমান, ঝালকাঠি সদর উপজেলা যুবদল সভাপতি মো. শওকত হোসেন, জেলা যুবদল সদস্য মো. শহীদুল ইসলাম, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. আবদুল জলিল মিয়াজী ও কাঠালিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. জালাল আকন।
এ ছাড়া একই ধরনের অভিযোগে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসাইন, পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি শেখ কামরুল ইসলামকে কেন বহিষ্কার করা হবে না, এ জন্য কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।