মাঠে আ.লীগ-সমর্থিত প্রার্থী বিরোধীরা গ্রেপ্তার আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির উত্তাপ ছড়িয়ে পড়েছিল সাতক্ষীরা শহরে। গতকাল সকাল নয়টার দিকে শহরের বাতাসে ছিল প্রচণ্ড উত্তাপ। তবে ভোটার আর প্রার্থীদের নিরুত্তাপ মনে হয়।
সাতক্ষীরা সদর এবং তালা উপজেলায় আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সদরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান একাই উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ জামায়াত-সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান গ্রেপ্তার অথবা গুম হয়েছেন বলে দিনভর নির্বাচনী এলাকায় গুজব ছিল। তবে শহরের বিভিন্ন স্থানে জামায়াত-সমর্থিত প্রার্থীর পোস্টার দেখা যায়। সদর উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী এবং তাঁর সমর্থকেরা প্রচার চালিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জেলা জামায়াতের মুখপাত্র মোহাম্মদ আলী এই গুজবকে প্রতিপক্ষের অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, হাবিবুর রহমান আত্মগোপনে থেকে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তাঁর জনপ্রিয়তার ভয়ে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই প্রতিপক্ষ গ্রেপ্তার ও গুমের কথা ছড়াচ্ছে।
শহরের লাবণী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল আলম জানান, তিনি ভোট দিতে গ্রামের বাড়ি যাচ্ছেন না। এর কারণ সম্পর্কে তাঁর পাল্টা প্রশ্ন, ‘এই কাটাকাটি আর মারামারির মইধ্যে বিপদে পড়তে যাব নাকি?’
বেলা ১১টার দিকে শহরের প্রধান সড়ক ধরে এগোতেই দেখা হয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আসাদুজ্জামানের সঙ্গে। মোটরসাইকেলে চড়ে এলাকাবাসীর কাছে ভোট চাইছিলেন তিনি। জানালেন, এলাকায় তাঁর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বিজয়ী হবেন।
জামায়াতের মতো বিএনপি নেতাদের বেশির ভাগই গ্রেপ্তার-আতঙ্কে ভুগছেন। গতকাল পর্যন্ত জামায়াতের আট নেতা এবং বিএনপির ১২ নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যাঁরাই প্রচারে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান সাতক্ষীরা জেলার বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রউফের নির্বাচনী প্রচারের সমন্বয়ক বরুন কুমার বিশ্বাস। বর্তমানে ঢাকায় অবস্থান করা বরুন প্রথম আলোকে জানান, বিএনপির বেশির ভাগ নেতা গ্রেপ্তার-আতঙ্কে থাকায় প্রচার চালাতে পারছেন না।
জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত বৈকালি, ঝাউতলা, আগরদাড়ি, শিবপুর এবং ফিংড়ি ইউনিয়নে গতকাল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ নিয়ে এই এলাকাগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ককটেল বিস্ফোরণের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াতকে দায়ী করেছেন। আর জামায়াত-বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে এবং ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।