মাঠে আ.লীগের ছয়জন বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ছয়জন মনোনয়নপ্রত্যাশী মাঠে নেমেছেন। এদিকে বিএনপি তাদের দলের মেয়র প্রার্থীর মনোনয়ন প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

আওয়ামী লীথগের মনোনয়ন দৌড়ে আছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, আওয়ামী লীগের নেতা ও উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ, বর্তমান পৌর মেয়র ইলিয়াছ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। তাঁদের মধ্যে পৌর মেয়র ইলিয়াছ হোসেন উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ২৪ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে কৃষক লীগে যোগ দেন। এদিকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এ কে আজাদ ও সারোয়ার হোসেন গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দলের একাধিক প্রার্থীর ব্যাপারে এ কে আজাদ বলেন, ‘অনেকেই মনোনয়নের প্রত্যাশা নিয়ে মূল দলে ঠাঁই না পেয়ে দলে অঙ্গসংগঠনে ভিড়েছেন। আমি মূল দলের একমাত্র মনোনয়নপ্রত্যাশী। আশা করি, দলের নেত্রী যোগ্য ও পরীক্ষিত একজন সেনার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন।’
বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বলেন, ‘আমি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কৃষক লীগে যোগ দিয়েছি। যোগ্য মনে করলে দল আমাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
জেলা আওয়ামী লীগের সভাপতি নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ বলেন, কেন্দ্র, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা সমন্বয়ে গঠিত কমিটি দলের মনোনয়ন চূড়ান্ত করবেন। এ বিষয়ে গতকাল রোববার নীলফামারী পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্ত হবে। এ সিদ্ধান্ত সবাই মেনে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সালের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি জলঢাকা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আনোয়ারুল কবির চৌধুরীর ছেলে। তিনি গত উপনির্বাচনে অংশ নিয়ে বর্তমান মেয়রের কাছে পরাজিত হন। তিনি বলেন, জেলা পর্যায়ে তাঁর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে তিনি গত শনিবার ঢাকায় এসেছেন।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক দলীয়ভাবে ফাহমিদ ফয়সালকে বিএনপির প্রার্থী মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
জলঢাকা পৌর জামায়াতের আমির মকবুল হোসেন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৬ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি থেকে মেয়র পথে মনোনীত প্রার্থী ফাহমিদ ফয়সাল এবারের নির্বাচনে জামায়াতের অবস্থান সম্পর্কে বলেন, ২০-দলীয় জোটের প্রধান যে নির্দেশনা দেবেন, সেভাবেই সবাই মিলেমিশে কাজ করবেন। জাতীয় পার্টির প্রবীণ নেতা উপজেলা জাপার সভাপতি আবদুল কাদের ও পৌর জাপার সভাপতি আবদুল গফুরের নাম আলোচনায় আছে। জাসদের পক্ষে মেয়র পদে জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।’