মাঠে আ.লীগের পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা সভাপতি নজরুল ইসলাম বাবুলকে সমর্থন দেওয়া হলেও মাঠে রয়েছেন ওই দলের আরও চারজন। এতে দলীয় ভোটাররা বিভ্রান্ত হয়ে পড়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগের অন্য যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হলেন থানা কমিটির সদস্য আমির হোসেন, জামাল উদ্দিন, যুবলীগের ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ ও ছাত্রলীগের ঢাকা জেলার সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম। ২৫ মের নির্বাচন সামনে রেখে প্রত্যেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবাই আওয়ামী লীগ-সমর্থিত দাবি করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

আওয়ামী লীগের দোহার উপজেলার সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে দলের এক সভায় সমর্থন দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম বলেন, দল কাউকেই সমর্থন দেয়নি। যোগ্যতা দেখেই ভোটাররা তাঁদের মেয়র নির্বাচন করবেন। আমির হোসেন বলেন, ‘আমরা সবাই দল করি। এখানে এককভাবে দলের কাউকেই সমর্থন দেওয়ার সুযোগ নেই।’

আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা অনেকেই বিপাকে পড়েছেন। দলের পাঁচজন প্রার্থী হওয়ায় তাঁরা বিভ্রান্তিতে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে। তাই কাউকেই সমর্থন দিচ্ছি না।’

২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম গঠিত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির দোহার পৌর সভাপতি আবদুর রহিম মিয়া। মামলা-সংক্রান্ত জটিলতার কারণে তিনি টানা সাড়ে ১২ বছর এই পদে বহাল থাকেন। এই নির্বাচনেও তিনি মনোনয়নপত্র জমা দিলে কর ফাঁকির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।