মাঠে ইলিশ নিয়ে খোকন, মগ নিয়ে আফরোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের প্রচারণায় হয়রানির অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। অন্যদিকে ইলিশ মাছ প্রতীক নিয়ে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল শুক্রবার সকালে মতিঝিল এজিবি কলোনি মসজিদ মার্কেটে প্রচারণাকালে আফরোজা বলেন, মির্জা আব্বাসের পক্ষে নেতা-কর্মীরা প্রচারণায় নামলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানাভাবে হয়রানি করছেন। এতে প্রচারণায় বিঘ্ন ঘটছে। এ সময় তিনি ভোটারদের হাতে মির্জা আব্বাসের ছবি-সংবলিত বিভিন্ন ধরনের পোস্টার তুলে দেন। পরে বিকেলে রাজধানীর খিলগাঁও চৌরাস্তা, তিলপাপাড়া এলাকায় প্রতীক মগ নিয়ে জনসংযোগ চালান আফরোজা আব্বাসসহ অন্যরা।
নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে প্রতীক ইলিশ মাছ নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন সাঈদ খোকন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নবাবগঞ্জ বড় মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি। পরে সেখান থেকেই ইলিশ নিয়ে প্রথম প্রচারণা শুরু করেন।
এ সময় সাঈদ খোকন এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকব। পাশাপাশি আওয়ামী লীগের জন্য কাজ করে যাব।’ সেখান থেকে তিনি লালবাগ থানার ২৩, ২৪, ২৫, ২৬ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে ইলিশ মার্কায় ভোট চান।
এ ছাড়া ঢাকা দক্ষিণের জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।