
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ মাত্র তিনটি। ছয়টি শ্রেণির নয়টি শাখার পাঠদান (ক্লাস) চলে দুই পালায়। তার পরও তিনটি শ্রেণির ক্লাস দুটি ভবনের বারান্দা ও সামনের মাঠের গাছতলায় নিতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বর্তমানে দুটি ভবনে চারটি কক্ষ আছে। এর একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাকি তিনটি কক্ষে পাঠদান করা হয়। ওই বিদ্যালয়ে চার কক্ষের আরেকটি আধা পাকা ভবন ছিল। এক বছর আগে ঝড়ে ওই ভবনটি বিধ্বস্ত হয়। এরপর নতুন ভবন নির্মিত না হওয়ায় এ সমস্যা হচ্ছে। ১৯৭২ সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমানে নয়জন শিক্ষক কর্মরত রয়েছেন। গত বছর এই বিদ্যালয় থেকে ৭২ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ছয়জন। এ বছর ১০৪ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেবে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের সামনে গাছতলায় দ্বিতীয় শ্রেণির একটি শাখার ক্লাস নেওয়া হচ্ছে। সরু বারান্দায় শিক্ষার্থীরা কষ্ট করে ক্লাস করছে। এদিকে বারান্দায় ক্লাস নেওয়ায় কক্ষের ভেতরে ক্লাস নিতেও সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের চিৎকার-চেঁচামেচির জন্য।
এ সময় মাঠে ক্লাস করতে থাকা প্রথম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার ও নাজমা বেগম বলে, রোদে ক্লাস করতে তাদের খুব কষ্ট হয়।
বারান্দায় ক্লাস করতে থাকা সালমান শেখ, সিয়াম ইসলাম, মিতু আক্তারসহ কয়েকজন জানায়, সরু জায়গায় ঠিকমতো বসা যায় না। এ ছাড়া গরমও লাগে বলে পড়াশোনা করতে সমস্যা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন বলেন, ‘এক বছর ধরে আমরা এ সমস্যায় পড়েছি। বিষয়টি সমাধানের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশিষ্ট সবাইকে জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, বৃষ্টি হলে মাঠে ও বারান্দায় ক্লাস নেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীদের স্বার্থে তাই জরুরি ভিত্তিতে কক্ষসংকটের সমাধান করা প্রয়োজন ।
কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইখতিয়ার মোহাম্মদ ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি জানান, এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা চাওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খান এ শামীম বলেন, শ্রেণিকক্ষসংকটের সমাধানে এগিয়ে এসেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি আপাতত চার কক্ষের একটি টিনের ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
উপজেলা প্রকৌশলী খান এ শামীম বলেন, আগামী দুই মাসের মধ্যে ওই ঘর নির্মাণ করা হবে বলে আশা করা হচ্ছে।