মাঠে ককটেল, কেন্দ্রের ভেতরে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। গাড়ি থেকে নেমে মাঠের মধ্য দিয়ে ভোটকেন্দ্রের দিকে যেতে চাইলে বাধা দিলেন পুলিশের একজন সদস্য। বললেন, মাঠে ককটেল আছে। রাস্তা দিয়ে সাবধানে যান। তাঁর কথা মেনে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষের সামনে গিয়ে দেখা যায় এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে।
এ দৃশ্য ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজি তোফায়েল আহম্মদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের।
ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম। তবে ছিলেন না কোনো প্রার্থী ও ভোটার।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে ৫০-৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে তিন দিক থেকে ভোটকেন্দ্রে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি করে, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করে। এ সময় নুর হোসেন শিপন (২২) নামের এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষের দরজা-জানালার ক্ষতি করে।
নিহত নুর হোসেনের বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে। মৃত্যুর দুই ঘণ্টা পর তাঁর বাবা আবদুল করিম ছেলের লাশ শনাক্ত করেন। নিহত নুর হোসেন পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার সময় পুলিশ নুরুল আলম (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি নিজেকে যুবলীগের কর্মী বলে দাবি করেন। পুলিশ তাঁর কাছ থেকে ১৯টি ককটেল উদ্ধার করেছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জয়নুল আবদীন প্রথম আলোকে বলেন, হামলার সময় কেন্দ্রের সব সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা দৌড়ে তাঁর কক্ষে এসে টেবিলের নিচে আশ্রয় নেন। দুর্বৃত্তরা ব্যালটভর্তি তিনটি বাক্স ও বেশ কিছু ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। তিনি জানান, হামলার সময় দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, দুজন পোলিং কর্মকর্তা, পুলিশের তিনজন ও আনসারের তিনজন সদস্য আহত হন। তাঁদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
আহছান উল্লা (৫৫) নামের একজন ভোটার বলেন, সকাল ১০টা পর্যন্ত অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলেন। এরপরই হামলার ঘটনা ঘটে।
এদিকে পুলিশ সূত্র জানায়, চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিখারী (জমাদ্দার বাজার) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর নবীকে নৌকা প্রতীকে সিল মারা প্রায় ৮৫০টি ব্যালট পেপারসহ আটক করেছে পুলিশ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ব্যালটসহ প্রিসাইডিং কর্মকর্তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ছাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মফিজুর রহমান ভূঞার সমর্থক আবদুর রহিম (১৯) ও শিমুল (২৭) প্রতিপক্ষের গুলিতে আহত হন।
প্রশাসন সূত্র জানায়, জাল ভোটের অভিযোগে সোনাগাজী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এক নারীকে ৩০ হাজার টাকা ও দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং একজনকে ৬ মাসের ও পাঁচজনকে এক সপ্তাহের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার নবাবপুর বিসি লাহা উচ্চবিদ্যালয়, রায়হান-কায়সার স্মৃতি পাঠাগার, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্তার মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ ১৫টি ভোটকেন্দ্র ঘুরে ভোটারের তেমন উপস্থিতি চোখে পড়েনি। বেশির ভাগ কেন্দ্রেই বিএনপির এজেন্ট বা নেতা-কর্মীকে দেখা যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রভাব চোখে পড়ে।
গতকাল শনিবার ফেনী সদর উপজেলার ছয়টি ও সোনাগাজীর নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক নজরে
ছয় ধাপে মোট নিহত ১০৮
ভোটের দিন নিহত
২২ মার্চ প্রথম ধাপ ১১
৩১ মার্চ দ্বিতীয় ধাপ ৮
২৩ এপ্রিল তৃতীয় ধাপ ১
৭ মে চতুর্থ ধাপ ৬
২৮ মে পঞ্চম ধাপ ১০
৪ জুন ষষ্ঠ ধাপ ৪

৫ ধাপে ইউপির ফল*
আওয়ামী লীগ ২২৪২
স্বতন্ত্র (বিদ্রোহীসহ) ১৩৭৬
বিএনপি ৩০৫
* অসম্পূর্ণ