মাঠে কৃষকের হাসি, বাজারে মলিন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পুরোদমে চলছে বোরো ধান কাটা। ফলনও হয়েছে ভালো। এতে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কিন্তু বাজারে গিয়ে কৃষকের সেই হাসিমুখ আর থাকছে না। কারণ, বাজারে ধানের দাম কম।
কৃষকেরা জানান, উৎপাদন খরচ থেকেও কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। সরকারিভাবে এখনো ধান না কেনায় তাঁরা বিপাকে পড়েছেন।
ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে তাঁদের লোকসান গুনতে হচ্ছে।
ফুলগাজীর শ্রীচন্দ্রপুর গ্রামের কৃষক জগন্নাথ মিত্র জানান, তিনি পাঁচ কানি (দুই একর) জমিতে বোরো চাষ করেছেন। উৎপাদনও ভালো হয়েছে। প্রতি মণ (৪০ কেজি) ধান উৎপাদনে খরচ হয়েছে প্রায় ৭০০ টাকা। কিন্তু বাজারে ধান বিক্রি করেছেন প্রতি মণ ৪৩০ টাকা।
মুন্সিরহাট এলাকার কৃষক আবুল আলম আজমীর জানান, তিনি ১০ কানি জমিতে বোরো চাষ করেছেন। প্রতি কানিতে ধান উৎপাদনে খরচ হয়েছে ১০ হাজার ৮০০ টাকা। ধান উৎপাদন হয়েছে প্রায় ৮০০ কেজি। প্রতি মণ ৪২০ টাকা দামে বিক্রি করা হলে প্রতি কানিতে উৎপাদিত ধানের দাম পাওয়া যাবে ৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ প্রতি কানিতে লোকসান ২ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কৃষক আর ধান উৎপাদন করবেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মতিন জানান, চলতি বছর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ৫২৩ হেক্টর। কিন্তু চাষাবাদ হয়েছে ২৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো। কৃষকেরা কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে কয়েকজন কৃষক তাঁকে জানিয়েছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক দেবদাস চাকমা জানান, চলতি মৌসুমে এখনো সরকারিভাবে ধান কেনা শুরু হয়নি।