মাঠে খেলার পরিবেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের মূল ফটকের দুটি পাল্লার একটিও আর নেই। স্থানীয় লোকজন বললেন, চুরি হয়ে গেছে। তবে ফটকের ওপরে সিমেন্ট-বালুর দুটো হাতি দিব্যি রয়ে গেছে। মাঠের অর্ধেকের বেশি জুড়ে থিকথিকে কাদা। মূল ফটক দিয়ে ঢুকতে গেলে এই কাদা পার হওয়া ছাড়া উপায় নেই।
লালবাগ রাজনারায়ণ ধর রোডের খেলার মাঠটির চারদিক যেমন ভাঙাচোরা, মাঠের ভেতরের অবস্থা আরও করুণ। পুরো মাঠে ঘাস বলতে কিছু নেই, এবড়োখেবড়ো আর কাদায় ভরা। এলাকাবাসীর দাবি, মাঠটি যেন ব্যবহারের উপযোগী হয়।
গত বুধবার রাজধানীর ২৪ নম্বর ওয়ার্ডে লালবাগ শ্মশানঘাটের পাশের খেলার মাঠটিতে গিয়ে দেখা যায়, মূল ফটকের ডান দিকে আবর্জনার স্তূপ। কর্দমাক্ত মাঠের বিভিন্ন স্থানে নোংরা পানি জমে আছে। প্রায় পুরোটা জুড়ে খুঁটি পোঁতার গর্ত। এলাকার বাসিন্দা আল-আমিন মোহাম্মদ বললেন, ঈদে গরুর হাট বসেছিল মাঠে। তারপর আর সংস্কার করা হয়নি। হাট বসানোর পর থেকে মাঠের অবস্থা আরও খারাপ হয়েছে। মাঠের উত্তর দিকে একটি বড় অংশ দখল করে পলিথিনের ব্যাগ শুকানো হচ্ছে। পুরো মাঠে পশ্চিম ও উত্তর পাশে আরও দুই ফটক আছে। দুটিই পাল্লাহীন। পূর্ব পাশের প্রাচীরের গায়ে একটি বড় গর্ত। মাঠে খেলতে আসা স্কুলছাত্র মাহিদ আহমেদ বলল, কয়েক বছর আগে একটি ময়লার গাড়ির ধাক্কায় দেয়ালটি ভেঙে যায়। এরপর আর ঠিক করা হয়নি।
মাঠের এই দুরবস্থা আর দখলের কারণে এলাকাবাসীর হাঁটাচলা আর খেলার জায়গা সংকুচিত হয়ে গেছে। তাঁদের একজন মো. ইমন বলেন, ‘মাঠের এই অবস্থা। খেলা যায় না, হাঁটা যায় না। আমরা চাই মাঠটা ভালো হোক, যাতে আমাদের কাজে লাগে।’
সিটি করপোরেশনের ওয়েবসাইটে দেওয়া মাঠটির নাম ‘লালবাগ শ্মশানঘাট খেলার মাঠ।’ আর মাঠের ফটকে এর নাম লেখা আছে ‘মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ।’ মাঠের বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, দ্রুতই মাঠের জমি সমান করার ব্যবস্থা নেওয়া হবে।