মাঠে চলছে মেলা ও সার্কাস তিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ রেখে মাঠে সার্কাস ও মেলার আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে। মেলার জন্য বন্ধ আছে মাঠের পাশের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।জানা যায়, গাংনগর এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ খয়জুরাজ্জামান ৪ এপ্রিল উপজেলা প্রশাসনের কাছ থেকে সাড়ে ৪২ হাজার টাকায় মেলাটি নিলামে ডেকে নেন। গত সোমবার থেকে মেলা শুরু হয়েছে, সপ্তাহব্যাপী চলবে। এদিকে বিদ্যালয়টিতে ২৩ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।অভিযোগ সম্পর্কে গাংনগর এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ খয়জুরাজ্জামান জানান, প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থেকে দুদিন বিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। আর দুদিন ক্লাস স্থগিতের কথা বলা হয়েছে। তিনি বলেন, ‘নিজের লাভের জন্য নয়, বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকাবাসীর সিদ্ধান্তে মেলা ডেকেছি।’গত সোমবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, গাংনগর এ এম উচ্চবিদ্যালয় ও জুনিয়র বালিকা বিদ্যালয়ের মাঠ ব্যবহার করে মিষ্টিসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। মাঠের মাঝে বিশাল মঞ্চ বানিয়ে সার্কাস দেখানো হচ্ছে। অদূরেই দাখিল মাদ্রাসার মাঠজুড়ে মসলার শতাধিক দোকান বসেছে। এ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষগুলোয় তালা ঝুলতে দেখা গেছে।উচ্চবিদ্যালয়ের পাশেই উপস্বাস্থ্যকেন্দ্রে বসানো হয়েছে চুরি-ফিতার দোকান। এর পাশেই বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নাচ-গানের আসর। এসব মঞ্চ থেকে মাইকে বিকট শব্দে হিন্দি গান বাজানো হচ্ছে। আর সেই গানের সঙ্গে চলছে অশ্লীল নৃত্য।গাংনগর জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘মেলার কারণে সংগত কারণেই ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারবে না। তাই দুদিনের (গত সোম ও মঙ্গলবার) ছুটি দেওয়া হয়েছে। এরপর ক্লাস নেওয়া হবে।’ গতকাল বুধবার বিদ্যালয়ে কিছু ছাত্রী আসে ঠিকই কিন্তু কোনো ক্লাস হয়নি বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। ছাত্রীদের শনিবার বিদ্যালয়ে আসতে বলা হয়েছে বলে জানান তিনি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন জানান, বিদ্যালয়ে ছুটি ঘোষণা ও প্রথম সাময়িক পরীক্ষা স্থগিতের জন্য গাংনগর এ এম উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শিক্ষা কার্যালয়ে আবেদন করে ব্যর্থ হয়েছে। বিদ্যালয়ের মাঠ দখল করে মেলা বসানো সম্পর্কে তিনি কিছু জানেন না।শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।