মাঠে ঝরে পড়ছে পাকা ধান
রাজনৈতিক বিরোধের কারণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের তিনটি পারবারের খেতের পাকা ধান কাটতে না দেওয়ায় ঝরে পড়ছে, পানিতে জাগ দেওয়া পাট পচে যাচ্ছে এবং কলাগাছ নষ্ট হচ্ছে।পুকুরিয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিএনপির সমর্থক জাহাঙ্গীর আলমের ভাই মকলেচুর রহমানকে গত ১৮ সেপ্টেম্বর গ্রামের আওয়ামী লীগের সমর্থকেরা কুপিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় মামলা করায় ওই তিনটি পরিবারের ওপর অত্যাচার-নির্যাতন চলছে। পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে, সেখানেই মারপিট করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গ্রামের আওয়ামী লীগের সমর্থক উজ্জল, বাবুল খাঁ, মঞ্জুর খাঁ, জাহিদুল ইসলাম, অকুল, সেলিম রেজাসহ কয়েকজন তাঁদের পরিবারের ওপর নির্যাতন শুরু করে। গত ৫ সেপ্টেম্বর তাঁদের ৪২টি কলাগাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে ১৮ সেপ্টেম্বর রাতে তাঁর ভাই মকলেচুর রহমানকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ঝিনাইদহ আদালতে উজ্জলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার পর তাঁদের পরিবারের ওপর নির্যাতন আরও বেড়ে গেছে। ১৮ অক্টোবর রাতে তাঁদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়। মামলা উঠিয়ে না নেওয়া পর্যন্ত তাঁরা দুজনসহ চাচাতো ভাই আনোয়ার হোসেনকে মাঠে যেতে দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন বলেন, মাঠে যেতে না পারায় আমার পাঁচ বিঘা খেতের কলা পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে। পাঁচ বিঘা জমির ধান মাঠে শুকিয়ে ঝরে পড়ছে, কাটতে দেওয়া হচ্ছে না। মকলেচুরের এক বিঘা জমির পাট কাটতে পারেননি, তাঁর পাঁচ বিঘা খেতের কলা নষ্ট হচ্ছে। জাহাঙ্গীর ১৬ শতক জমির পাট কেটে পানিতে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তুলে পরিষ্কার করতে দেওয়া হচ্ছে না।প্রতিপক্ষের বাবুল খাঁ বলেন, দুই মাস আগে তাঁদের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে। তাঁদের মাঠের ফসল কাটতে দেওয়া হচ্ছে না কথাটা ঠিক নয়। তাঁরা আগের অপকর্মের কারণে ভয়ে এলাকায় আসছেন না, ফসলও কাটছেন না।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রসুল বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেছি। রাজনৈতিক বিরোধে খেতের ফসল নষ্ট হবে, এমনটা হতে পারে না। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘এরা আগে আমাদের দলে ছিল না। এখন দলের ছত্রচ্ছায়ায় এসে এজাতীয় অপকর্ম করছে।’